পরিসংখ্যান ব্যুরো সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পরিসংখ্যানগত সেবাদানকার্যক্রম জোরদার করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) ঢেলে সাজাতে যাচ্ছে সরকার। বিশ্বব্যাংকের সার্বিক সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে এই সংস্কারকাজ করা হবে। খবর ইউএনবির।বিবিএসের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর ওই প্রকল্পে সহায়তা করার কথা ইতিমধ্যে পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করেছে।প্রথম পর্যায়ে বর্তমান বিবিএসের অধীনে তথ্যসংগ্রহ প্রক্রিয়ার উন্নয়নের ওপর জোর দিতে বলেছে সংস্থাটি।দ্বিতীয় পর্যায়ে বিবিএসকে একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যানগত মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মহাপরিকল্পনার আওতায় একটি প্রকল্পের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর কার্যক্রম ঠিক করা হবে। দক্ষতা বাড়ানো কার্যক্রমের পরিকল্পনা, সময়সীমা এবং বরাদ্দকৃত অর্থের ব্যবহারের বিষয়ে মহাপরিকল্পনায় বিস্তারিত উল্লেখ থাকতে হবে।সংস্কার কাজের চূড়ান্ত পর্যায়ে একটি বিনিয়োগ পরিকল্পনার কথা ভাবতে হবে। অবকাঠামো উন্নয়ন, জনবল ও মহাপরিকল্পনা বাস্তবায়নের আইনগত কাঠামো নির্ধারণের জন্যই এই বিনিয়োগের প্রয়োজন হবে।বিবিএসের দক্ষতা বাড়ানোর কার্যক্রমের জন্য একটি জাতীয় কৌশল নির্ধারণে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংকের এ দেশীয় পরিচালক অ্যালেন গোল্ডস্টেইনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।