পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই আটকে আছে শস্যবিমা চালুর বিষয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগে জমির ফসল নষ্ট হলে কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর জন্য অবশ্য কৃষককে বিমা করতে হবে। বিমার প্রিমিয়াম হিসেবে ন্যূনতম ১০ বা ২০ টাকা করে দিতে হবে সরকারকে।মোটা দাগে এ রকম একটি ভাবনা নিয়েই শস্যবিমা চালু করার কথা বলা হয়েছিল। আর এটি বলা হয়েছিল বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই। এ জন্য ‘শস্যবিমা’ নামে বিমা প্রকল্প চালুর উদ্যোগও নেওয়া হয়। কিন্তু সরকারের প্রায় দুই বছর হতে চলল, এর কোনো বাস্তবায়ন নেই।জানা গেছে, পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই আটকে রয়েছে। কিছুদিন পর পর সভা হচ্ছে। ভাসা ভাসা সিদ্ধান্তও হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।আবার চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে শস্যবিমার জন্য রাজস্ব খাত থেকে ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা কৃষকদের প্রিমিয়ামে ভর্তুকি বাবদ খরচ করা হবে। বাস্তবে হয়তো এই বরাদ্দের কোনো টাকাই খরচ হবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শিলাবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ থেকে দেশের কৃষিসম্পদ রক্ষা করতে এই প্রকল্প চালু করার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে শস্যবিমা চালুর ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, শস্যবিমা চালুর জন্য একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয় চার বছর আগে। সে অনুযায়ী, ৬৪টি জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে শস্যবিমা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়।সূত্র জানায়, ধান, গম, আলু, পাট ও আখ—এই পাঁচটি শস্যের ওপর শস্যবিমা চালুর ব্যাপারে ২০০৬ সালের অক্টোবরে একটি ধারণাপত্রও তৈরি করে সাধারণ বিমা করপোরেশন (সাবিক)। এতে সরকারি ও বেসরকারি বিমাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে শস্যবিমা চালুর সুপারিশ করা হয়। আর এ জন্য এককালীন তহবিল গঠনে সহযোগিতা চেয়ে অনুরোধ জানানো হয় অর্থ মন্ত্রণালয়কে।সাবিক সূত্র জানায়, শস্যবিমা চালুর বিষয়ে সরকারকে সহযোগিতা করার আগ্রহ দেখাচ্ছে বিশ্বব্যাংক। সাবিক যখন শস্যবিমা চালুর ধারণাপত্রটি তৈরি করে, তখন বিমা খাত ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। ২০০৮ সালের নভেম্বর থেকে এই খাত অর্থ মন্ত্রণালয়ের অধীনে।শস্যবিমার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে দেশের মোট জাতীয় শস্য উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ ধান ও ২৩ শতাংশ গম প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় বলে উল্লেখ করা হয়েছে।দেশের মোট উৎপাদনের (জিডিপি) বাড়া-কমা নির্ভর করে কৃষির ওপর। বর্তমান সরকারও গুরুত্ব দিচ্ছে কৃষিকে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছরই কৃষি উৎপাদন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে কৃষক পরিবার। এ কারণে তারা পরবর্তী সময়ে স্বাভাবিক কৃষি উৎপাদন বজায় রাখতে ব্যর্থ হয়।এসব বিবেচনায় তিন বছর মেয়াদি শস্যবিমা প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। একটি কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হয়। কর্মপরিকল্পনায় বলা হয়, সরকারি-বেসরকারি বিমাপ্রতিষ্ঠানের সমন্বয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কমিটি ও বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করা হবে। নীতিনির্ধারণী কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্থার পরিচালনা বোর্ডের মতো শস্যবিমাবিষয়ক যাবতীয় নীতি নির্ধারণ করবে।বাস্তবায়ন কমিটি গঠিত হবে কৃষি মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সাবিকের প্রতিনিধিদের সমন্বয়ে।কর্মপরিকল্পনায় আরও বলা হয়, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও তালিকাভুক্ত ব্যাংক থেকে কৃষিঋণ নিলেই বাধ্যতামূলকভাবে শস্যবিমার আওতায় আসতে হবে। বাধ্যতামূলক শর্তটি জুড়ে দেওয়ার চিন্তা এসেছে কৃষকদেরই স্বার্থে।অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, শস্যবিমা একটি নানামুখী জটিল ব্যাপার। তাই এটি চালুর বিষয়ে ধীরপায়ে এগোচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা-পর্যালোচনার পরই প্রকল্পটি হাতে নেওয়া হবে।প্রসঙ্গত, ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ১৯৭৭ সালে প্রথম শস্যবিমা চালু করা হয়েছিল। ১৯৮১ সাল পর্যন্ত দেশের ৫৬টি থানায় বিস্তৃত হয় এর আওতা। পরবর্তী সময়ে তা আরও বাড়ানো হয়। ১৯৯৫ সালে প্রকল্পটি বন্ধ হওয়ার আগে ১৮ বছরে ২৩ হাজার ৮০০ একর জমির ফসলের ওপর ২০ হাজারেরও বেশি কৃষককে শস্যবিমার আওতায় আনা হয়েছিল।যোগাযোগ করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘শস্যবিমা চালুর জন্য চেষ্টা চলছে। এটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে কৃষকেরা সত্যিই উপকৃত হবেন।’উল্লেখ্য, প্রতিবেশী ভারতে ১৯৮৫ সাল থেকে শস্যবিমা চালু রয়েছে। এর পরিধিও এখন অনেক বেড়েছে। ভারত সরকার ২০০৩ সালে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া লিমিটেড (এআইসি) স্থাপন করে, যা ভারতের বৃহত্তম কৃষি ও শস্যবিমাকারী প্রতিষ্ঠান। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে।