পরীক্ষামূলক ট্রানজিটের প্রথম চালান গেছে আগরতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিটের ট্রায়াল রান বা পরীক্ষামূলক চালান হিসেবে প্রায় ২০০ টন ইস্পাতের গ্যালভানাইজ পাটাতন (স্টিল সিট) গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।গতকাল বৃহস্পতিবার এই চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যায়। এটি ছিল ট্রানজিটের পরীক্ষামূলক প্রথম চালান। এই মালামাল ভারতের ত্রিপুরা রাজ্যের ইভারগ্রোইং আয়রন অ্যান্ড ফিনেস্ট লিমিটেডের বলে শুল্ক বিভাগ সূত্রে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, নৌপথে ট্রানজিট নিতে ভারতের দুটি পণ্যবাহী জাহাজ পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে সম্প্রতি আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে। নৌ-প্রটোকলের আওতায় মাশুল ছাড়া পণ্য পরিবহনে আনুষ্ঠানিকতাসংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। এর আওতায় আশুগঞ্জ পর্যন্ত নৌপথে আর আখাউড়ায় সড়কপথে পণ্য পরিবহন করা হয়।মঙ্গলবার রাত নয়টার দিকে আশুগঞ্জ থেকে চারটি ট্রাকে করে ওই মালামাল আখাউড়া স্থলবন্দরে আনা হয়। বুধবার বাংলাদেশের আখাউড়া ও ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগে সারা দিন। সন্ধ্যার পর এই মালামাল নিতে আগরতলা থেকে নয়টি ট্রাক বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর টার্মিনালে ঢোকে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ট্রাক থেকে ভারতীয় ট্রাকে মালামাল ওঠানো হয় আখাউড়া বন্দর টার্মিনালে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাশ চন্দ্র কুণ্ডু বলেন, ট্রাকগুলোর পণ্য বিনাশুল্কে ত্রিপুরার আগরতলায় পৌঁছার জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র রয়েছে।