পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব
আলোচিত চিত্রনায়িকা শামসুর নাহার স্মৃতি ওরফে পরীমনি, আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ সাত ব্যক্তির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আগামী পাঁচ দিনের মধ্যে তাঁদের ব্যাংক হিসাবের বিবরণী, টাকা জমা ও উত্তোলনকারীর নাম, হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য ব্যাংকগুলোকে পাঠাতে বলা হয়েছে। সরকারের একটি সংস্থার তদন্তের অংশ হিসেবে ব্যাংকগুলো থেকে এসব তথ্য চেয়েছে বিএফআইইউ।
পরীমনি ও হেলেনা জাহাঙ্গীর ছাড়া আরও যাঁদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন প্রযোজক ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম ওরফে রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, তাঁদের সহায়তাকারী মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।
সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন পরীমনি, হেলেনা জাহাঙ্গীর ও নজরুল ইসলাম। আর মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে পুলিশ।