পর্যটন করপোরেশন মুনাফার ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) মুনাফা বাড়ছে। এই সংস্থার অধীনে পরিচালিত ২৪টি বাণিজ্যিক ইউনিট চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছয় কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকার মোট মুনাফা ও পাঁচ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার নিট মুনাফা অর্জন করেছে।এর আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১১) বিপিসির এসব ইউনিটের মোট ও নিট মুনাফা ছিল যথাক্রমে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার টাকা ও তিন কোটি ৫৫ লাখ সাত হাজার টাকা।বিপিসির ৩২তম বাণিজ্যিক সম্মেলনে সম্প্রতি এই তথ্য জানানো হয়। সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকার মহাখালীতে হোটেল অবকাশের সম্মেলনকক্ষে। এতে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েতউদ্দিন তালুকদার। দিনব্যাপী এ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার বাণিজ্যিক পরিচালক অনন্ত কুমার চৌধুরী, প্রশাসন ও অর্থ পরিচালক জামাল আবদুন নাসের এবং পরিচালক (পরিকল্পনা) কালীরঞ্জন বর্মণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।হেমায়েতউদ্দিন তালুকদার বলেন, বর্তমানে বাংলাদেশ পর্যটন করপোরেশন গ্রাহক/পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিচ্ছে এবং সফলতার সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর ফলে সংস্থার প্রতিটি ইউনিট লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।