বাংলাদেশ পর্যটন করপোরেশন চলতি ২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত প্রথম নয় মাসে নয় কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে। আগের ২০১১-১২ অর্থবছরে এ সংস্থার নিট মুনাফার পরিমাণ ছিল প্রায় ১০ কোটি ৫৬ লাখ টাকা।একই সময়ে পর্যটন করপোরেশনের বাণিজ্যিক ইউনিটগুলো মোট ১৭ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। এতে নিট মুনাফা হয়েছে চার কোটি টাকা। সংস্থাটির ৩৬তম বাণিজ্যিক সম্মেলনে গত মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশের সম্মেলনকক্ষে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার অর্থ ও প্রশাসন পরিচালক অনন্ত কুমার চৌধুরী, পরিকল্পনা পরিচালক কালীরঞ্জন বর্মণ ও বাণিজ্যিক পরিচালক মো. রকিব হোসেন এবং ইউনিট ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার বলা হয়, সম্মেলনে সেবার মান বাড়িয়ে পর্যটকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পর্যটন করপোরেশনের মুনাফা অর্জনের ধারা অব্যাহত রাখতে ইউনিট ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানানো হয়।