পর্যটন খাতে উৎসাহ প্রদান
সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশে এই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পর্যটন খাতে কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছে।প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।প্রস্তাবিত বাজেটে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ পরিচালনাকারী ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদের ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। ঐতিহাসিক স্থানসহ পর্যটন স্থাপন বা স্থানের জন্যও এই অব্যাহতি থাকছে। সেবা খাতের আওতায় এই অব্যাহতি দেওয়া হয়।এই সুবিধার ফলে দেশের ভেতরে ভ্রমণে মানুষের উৎসাহ বাড়বে। একই সঙ্গে এ দুটি খাতেও বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ইতিমধ্যে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, জাফলংসহ পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১২ মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। শুধু তাই নয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমগুলোতে উন্নয়নমূলক প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।