বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওআইসিভুক্ত দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের লাভজনক পর্যটন খাতে সরাসরি বা সরকারি-বেসরকারি অংশীদারের ভিত্তিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে জিডিপিতে পর্যটন খাতের অবদান এখন শূন্য দশমিক ৬৯ ভাগ। আগামী বছরের মধ্যে তা ২ ভাগে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। সে জন্য পর্যটনশিল্পকে ঢেলে সাজাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কো-অপারেশন অব দি অর্গানাইজেশন অব দি ইসলামিক কো-অপারেশনের (কমসেক) ৩০তম অধিবেশনের প্রথম দিনে বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান। গতকাল মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দুই দিনব্যাপী কমসেক সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পর্যটকদের সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হচ্ছে। এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকার বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে ওআইসি সদস্যদেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
কমসেক হলো ইসলামিক বিশ্বের প্রধান বহুপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্ল্যাটফর্ম। এটি ওআইসির চারটি স্ট্যান্ডিং কমিটির একটি। কমসেকের উদ্দেশ্য সদস্যদেশগুলোর সার্বিক উন্নয়নের জন্য কর্মকৌশল নির্ধারণ, বাস্তবায়নের পন্থা উদ্ভাবন এবং তদারকি ও মূল্যায়ন করা। বাংলাদেশসহ ৫৬টি দেশ এবং পাঁচটি পর্যবেক্ষক দেশ নিয়ে কমসেক গঠিত।