পর্যটন খাতের ধাক্কা সামলে ওঠার চেষ্টায় তুরস্ক

তুরস্কের ইস্তাম্বুল শহরের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা সুলতান আহমেদ। বিখ্যাত ব্লু মস্ক ও তোপকাপি প্যালেস এখানে। এর পাশাপাশি পুরোনো আদলের হোটেল ও বাড়িঘর পর্যটকদের কাছে টানে। সারা বছরই তাই এলাকাটি পর্যটকে ঠাসা থাকে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পর্যটনের ভরা মৌসুম জুলাই-আগস্ট মাসেও বিদেশি পর্যটক কম। ফলে ব্যবসাও মন্দা।
এই পরিস্থিতিতে হতাশ এখানকার ট্যুর কোম্পানি ও হোটেল-রেস্তোরাঁর মালিকেরা। সুলতান আহমেদ এলাকার ট্যুর কোম্পানি টেনেডোস ট্রাভেলের কর্মী হিজরান বলেন, সারা দিন অলস সময় কাটে। দিনে ১০-১৫ জনও ভ্রমণের জন্য বুকিং দিতে আসেন না। অথচ এখন ভরা মৌসুম।
এর ঠিক পাশের গয়না, কাপড় ও ঘর সাজানোর উপকরণের দোকান কায়মাজ অ্যান্ড কোম্পানির কর্মী হাজির কণ্ঠেও হাহাকার। তিনি বলেন, ‘এখন এমনও দিন যাচ্ছে যে সারা দিনেও একটি পণ্য বিক্রি করতে পারছি না। পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও বিদেশি পর্যটকেরা কম আসছেন।’ তিনি বলেন, তুরস্কে মূলত জার্মানি, ইরান ও জর্জিয়া থেকে বেশি পর্যটক আসেন।
৮ সেপ্টেম্বর ইস্তাম্বুল শহরের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে এই চিত্র পাওয়া যায়। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা ও সেনা অভ্যুত্থান চেষ্টার পর বিদেশি পর্যটক আসা কমে গেছে বলে জানায় পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
টার্কিশ টুরিস্ট হোটেল অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, ইস্তাম্বুলে হোটেল বুকিংয়ের হার গত জুলাইয়ে ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশে নেমে আসে, যা গত বছরের তুলনায় ৪০ দশমিক শূন্য ৬ শতাংশ কম। তবে দেশি পর্যটকেরা ভ্রমণ করায় ক্ষতি কিছুটা কমানো গেছে। বাইজেনটাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল ২০১৫ সালে ১ কোটি ২৪ লাখ পর্যটককে আকর্ষণ করেছিল, যা তুরস্কে আসা মোট পর্যটকের এক-তৃতীয়াংশ।
ইস্তাম্বুলের মতো তুরস্কের প্রায় সব পর্যটনকেন্দ্রে কম-বেশি প্রভাব প্রভাব পড়েছে সাম্প্রতিক সময়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার। জুলাই মাসের শেষ দিকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসী হামলার পর জুন মাসে গত বছরের একই সময়ের তুলনায় পর্যটকের সংখ্যা কমেছে ৪০ দশমিক ৮৬ শতাংশ। ১৯৯৪ সালের পর এই হার সর্বনিম্ন। এ ছাড়া বার্ষিক গড় হিসাবে চলতি বছর প্রথম ছয় মাসে বিদেশি পর্যটক কমেছে ১ কোটি ৭ লাখ ৪০ হাজার, যা শতকরা ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ।
যদিও পর্যটকদের ভ্রমণে আসার জন্য অভয় দিচ্ছেন সরকারি প্রতিষ্ঠান ও জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনসের কর্তাব্যক্তিরা।
ইস্তাম্বুলের গভর্নর ভাসিফ শাহীন সম্প্রতি সপ্তম ইস্তাম্বুল অর্থনৈতিক সম্মেলনে বলেন, ইস্তাম্বুল পৃথিবীর অন্যতম নিরাপদ শহর। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও পারিপার্শ্বিক অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও ইস্তাম্বুল পৃথিবীর অন্য যেকোনো শহরের মতোই নিরাপদ। বর্তমান ঝুঁকিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনসের একটি অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকদের সংস্থার বোর্ড ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এম ইলকের আইজে বলেন, সন্ত্রাসী হামলা ও সেনা অভ্যুত্থান চেষ্টা সত্ত্বেও ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরের ব্যস্ততা দিন দিন বাড়ছে। ইস্তাম্বুল এখন নিরাপদ। পর্যটকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারেন।
টার্কিশ পরিসংখ্যান ইনস্টিটিউটের (টার্ক স্টেট) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) পর্যটন খাত থেকে রাজস্ব আয় হয় ৯০৪ কোটি ডলার, যা গত বছর ছিল ১ হাজার ২৬০ কোটি ডলার।
তুরস্কে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে পর্যটন খাত গুরুত্বপূর্ণ উৎস। গত বছর জাতীয় আয়ের প্রায় ৪ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে।
হোটেল-রেস্তোরাঁ ও ট্যুর কোম্পানির কর্মীরা আশাবাদী যে শিগগির এই মন্দা কেটে যাবে। সুলতান আহমেদ এলাকার তাসকোনা হোটেলের কর্মী সাফার প্রথম আলোকে বলেন, হোটেল বুকিং আগের কয়েক মাসের তুলনায় বেড়েছে। তুরস্ক নিয়ে নানা গুজবে পর্যটকেরা বিভ্রান্ত হচ্ছেন। প্রকৃত অবস্থা, তুরস্কে ঘুরে বেড়ানোর জন্য কোনো ধরনের বাধা নেই।
কথা হয় আলজেরিয়া থেকে আসা তরুণ পর্যটক আবেদ সালিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা উঠেছি তাসকিম স্কয়ারের পাশের একটি হোটেলে। তা ছাড়া এক সপ্তাহ ধরে ইস্তাম্বুলের ব্লু মস্ক, তোপকাপি প্যালেস, গালাটা টাওয়ার, প্রিন্সেস আইল্যান্ড ও গ্র্যান্ড বাজারে ঘুরেছি। কোনো সমস্যা মনে হয়নি।’
এদিকে বিদেশি পর্যটকেরা ভ্রমণ কমিয়ে দিলেও দেশি পর্যটকেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ঈদুল আজহার ছুটিতে এজিয়ান সাগর উপকূলের পর্যটনকেন্দ্রে ৭০ লাখ পর্যটক হোটেল বুকিং দিয়েছেন। অথচ এই সংখ্যা গত বছর ছিল ৩০ লাখ। অর্থাৎ বুকিং বেড়েছে ১৩০ শতাংশ।