দেশের পর্যটন খাতের বিকাশের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।পর্যটনমন্ত্রী বলেছেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ করতে হবে। পর্যটকদের উৎসাহিত করতে সার্ক দেশগুলোর মধ্যে অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হয়েছে।গতকাল ঢাকা চেম্বার আয়োজিত ‘পর্যটন খাতের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মতিঝিলের চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম।সেমিনারে পর্যটনমন্ত্রী বলেন, অবকাঠামো সমস্যা, প্রচারণার অভাব ও বেসরকারি খাতের কম সম্পৃক্ততার কারণে বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশ সেভাবে হচ্ছে না। অবকাঠামো উন্নয়নে বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।জি এম কাদের আরও বলেন, দেশের সামগ্রিক ট্যুরিজম সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয় তা নির্ভরযোগ্য নয়। বর্তমান বিশ্বে এক হাজার বিলিয়ন ডলারের পর্যটনশিল্পের বাণিজ্যের মধ্যে সার্কভুক্ত দেশগুলোর অংশ মাত্র এক শতাংশ বা ১০ বিলিয়ন ডলার। এর অর্ধেকই আবার ভারতের দখলে। বাংলাদেশ এই খাত থেকে আয় করছে মাত্র ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার। পর্যটনমন্ত্রী আক্ষেপ করে বলেন, ট্যুরিজমের হিসাব-নিকাশ করার জন্য স্যাটেলাইট অ্যাকাউন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘ এ ক্ষেত্রে সহায়তাও দিতে চেয়েছে। অথচ আমলাতান্ত্রিক জটিলতায় এর বাস্তবায়ন হচ্ছে না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি হাসান মনসুর পর্যটন বোর্ডকে শক্তিশালী করা, ভিসা-প্রক্রিয়া সহজতর করা এবং এ খাতের উদ্যোক্তাদের সহজ-শর্তে ঋণ দেওয়ার সুপারিশ করেন।আসিফ ইব্রাহীম দেশের পর্যটন খাতে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ার জন্য বিদেশে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, অবকাঠামোর অনুন্নয়ন এবং দক্ষ মানবসম্পদের অভাবকে চিহ্নিত করেন। তিনি পর্যটন বোর্ডে ঢাকা চেম্বারের অন্তর্ভুক্তির আহ্বান জানান।সেমিনারে ডিসিসিআইয়ের সহসভাপতি টি আই এম নূরুল কবীর, পরিচালক এম আবু হোরায়রা, সাবেক সহসভাপতি আবদুস সালাম, এম এস সেকিল চৌধুরী, ডিসিসিআইয়ের সহসভাপতি নাসির হোসেন, সাবেক পরিচালক আর আই খান প্রমুখ উপস্থিত ছিলেন।