পর্যটন ব্যবসা এখন প্রায় অতিথিশূন্য হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাসুদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ট্যুরস
মাসুদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ট্যুরস
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এক মাস পার হয়েছে। নিরাপত্তার কারণে এখন বিদেশি ক্রেতা ও পর্যটকেরা বাংলাদেশে আসতে চাইছেন না। ক্রেতারা ক্রয়াদেশ নিয়ে বৈঠক করতে পোশাক ব্যবসায়ীদের অন্য দেশে ডেকে নিচ্ছেন। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক ও বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন ও শুভংকর কর্মকার।

প্রথম আলো: আপনি তো ট্যুরিজম বা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। আপনার ব্যবসা কেমন চলছে এখন?

মাসুদ হোসেন: বর্তমানে এ ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এমনিতেই ২০১২ সালের পর থেকে এ ব্যবসায় মন্দা চলছে। প্রতিবছর পর্যটকের সংখ্যা কমছিল। এর মধ্যে গত বছর রাজধানীর গুলশানে ইতালির ও রংপুরে জাপানি নাগরিক নিহত হওয়ার পর বড় ধাক্কা লাগে। এরপর সর্বশেষ গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর বিদেশি অতিথিরা গণহারে তাঁদের যাত্রা বাতিল করেছেন। এখন বলতে গেলে পর্যটন ব্যবসা একপ্রকার অতিথিশূন্য হয়ে পড়েছে।

প্রথম আলো: আপনার নিজের প্রতিষ্ঠানের কতজন বিদেশি অতিথি তাঁদের বুকিং বাতিল করেছেন?

মাসুদ হোসেন: আমার প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ট্যুরসে চলতি বছরের পাশাপাশি ২০১৭ সালেরও বেশ কিছু বুকিং ছিল। বিভিন্ন দেশের আড়াই থেকে তিন হাজার বিদেশি অতিথি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে বুকিং দিয়েছিলেন। কিন্তু ১ জুলাইয়ের জঙ্গি হামলা ঘটনার পর সব বুকিং বাতিল করা হয়েছে। গুলশানের জঙ্গি হামলা পর্যটন ব্যবসাটাকেই বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। এমনিতেই বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছে ভ্রমণপ্রিয় দেশ হিসেবে স্বীকৃত না। তা সত্ত্বেও কিছু বিদেশি প্রতিবছর বাংলাদেশে আসতেন। গুলশানে হামলার পর বাংলাদেশের ভাবমূর্তিটা এসব পর্যটকের কাছে আরও খারাপ হয়ে গেল।

প্রথম আলো: কিন্তু জঙ্গি বা সন্ত্রাসবাদ তো এখন কেবল বাংলাদেশের একক কোনো সমস্যা না। এটা বিশ্বজনীন সমস্যা। বিশ্বের উন্নত দেশেও জঙ্গি হামলার ঘটনা আমরা দেখছি। তাহলে শুধু বাংলাদেশ এককভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন?

মাসুদ হোসেন: আমরাও বিদেশি অতিথিদের এ বিষয়টিই বলছি এবং বোঝাচ্ছি। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা অন্যখানে। বিশ্বের অন্যান্য দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে একধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত এবং সেটা দৃশ্যমান। আমাদের দেশে এ ধরনের নিরাপত্তাহীনতার ইস্যুতেও আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারিনি। রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, রাজনীতিতে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব দল ও মতের কোনো পার্থক্য নেই—এ ধরনের বার্তা আমরা এখনো বিদেশিদের কাছে দৃশ্যমান করে তুলতে পারিনি। এ কারণে বাংলাদেশের বিষয়ে বিদেশিদের মধ্যে একধরনের ভীতি কাজ করছে। পর্যটন খুবই স্পর্শকাতর একটি খাত। পর্যটকেরা ঝুঁকিমুক্ত বা নিরাপদ বোধ না করলে কখনোই কোথাও যাবেন না।

প্রথম আলো: তার মানে আপনি বলতে চাইছেন, বিদেশি পর্যটকেরা এখন বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপদ বোধ করছেন না?

মাসুদ হোসেন: দীর্ঘদিন ধরে আমি সরাসরি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশে বিদেশি যত পর্যটক আসেন তার অর্ধেকই জাপানের। আমার নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব বিদেশি পর্যটক আসেন, তার ৭০ শতাংশেরও বেশি জাপানি নাগরিক। গুলশানে হামলার পর জাপানি পর্যটকেরা বেড়ানোর জন্য বাংলাদেশের নামই শুনতে আগ্রহী নন। দেশটিতে আমাদের প্রতিষ্ঠানের হয়ে যাঁরা কাজ করেন, তাঁরা আমাকে এসব কথা জানিয়েছেন। জাপানের পর বেশি পর্যটক আসত ইউরোপ থেকে। দুর্ভাগ্যক্রমে গুলশানে হামলায় ইতালিরও নয়জন নাগরিক নিহত হয়েছেন। তাই সেখানকার আগ্রহী পর্যটকেরাও এখন বাংলাদেশের ব্যাপারে আপাতত আগ্রহ হারিয়ে ফেলেছেন।

প্রথম আলো: এ অবস্থা থেকে উত্তরণে করণীয় কী বলে মনে করেন আপনি?

মাসুদ হোসেন: পর্যটন ব্যবসাটা মূলত ভাবমূর্তিনির্ভর। এ ব্যবসার বর্তমান অবস্থা কাটাতে হলে সবার আগে দরকার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। এছাড়া সরকারি-বেসরকারি উদ্যোগে ‘ক্রাইসিস ব্যবস্থাপনাবিষয়ক’ একটি জাতীয় কমিটি গঠন করা জরুরি। দীর্ঘদিন ধরে আমরা এ দাবি করে আসছি। এখনই এ ধরনের কমিটি গঠনের সবচেয়ে উপযুক্ত সময়।

 প্রথম আলো: এ তো গেল সাম্প্রতিক পরিস্থিতির কারণে পর্যটন খাতের ব্যবসার সংকটের কথা। এমনিতে এ ব্যবসার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা কী?

মাসুদ হোসেন: পর্যটন ব্যবসাটি একটি সেবানির্ভর ব্যবসা। এ ব্যবসার ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হই, তার মধ্যে রয়েছে মানসম্মত হোটেল, পরিবহন ও দক্ষ মানবসম্পদের অভাব। রাজধানীতে হয়তো কিছু মানসম্মত হোটেল রয়েছে, কিন্তু রাজধানীর বাইরে এ ধরনের ব্যবস্থা অপ্রতুল। যেসব বিদেশি বাংলাদেশে বেড়াতে আসেন, তাঁদের আগ্রহ থাকে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও স্থানের প্রতি। কিন্তু দেশের যেসব এলাকায় এ ধরনের স্থাপনা রয়েছে, সেখানে আবাসন, পরিবহন ও যোগাযোগব্যবস্থা উন্নত নয়। বাংলাদেশের পর্যটন ব্যবসাটির যে সম্প্রসারণ হয়েছে, তার পুরোটাই মূলত প্রাকৃতিক নিয়মে।  স্বাধীনতার পর ৪৫ বছর পার হতে চলল, কিন্তু পর্যটন খাতের জন্য কোনো গবেষণা বা সার্ভে হয়নি। কোনো তথ্য-উপাত্ত পর্যন্ত নেই। সবচেয়ে দুঃখের বিষয়, এই ব্যবসার সঙ্গে যেসব প্রতিষ্ঠান বা ট্যুর অপারেটর রয়েছে, তাদের লাইসেন্স নেওয়ার কোনো ব্যবস্থা পর্যন্ত নেই।

প্রথম আলো: তার মানে, কোনো সনদ বা নিয়মনীতি ছাড়াই আপনার ট্যুর অপারেটররা এ ব্যবসা করছে?

মাসুদ হোসেন: হ্যাঁ। কোনো নিয়মনীতি ও সনদ ছাড়াই এ ব্যবসা চলছে। ফলে প্রতিষ্ঠানগুলোরও কোনো দায়বদ্ধতা নেই। অথচ ট্যুর অপারেটররা সরাসরি বিদেশিদের নিয়ে কাজ করে। তাই এ খাতের জন্য সরকারের পক্ষ থেকে একটি গাইডলাইন তৈরির দাবি আমাদের অনেক দিনের। তবে এ খাতে ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত একটি সমিতি রয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের ওই সমিতির বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৩০০।