পর্যটন মেলা সামনে রেখে বিমান ও ইউএস বাংলায় ছাড়

আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা তাদের বিভিন্ন গন্তব্যের বিমান টিকিটে ছাড় ঘোষণা করেছে। ইউএস-বাংলা এয়ার তাদের সব গন্তব্য পথে ১৫ শতাংশ এবং বাংলাদেশ বিমান আন্তর্জাতিক গন্তব্যে ২০ শতাংশ ছাড় দিচ্ছে।
৩০ মার্চ থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনের এই পর্যটন মেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ ও ইউএস বাংলার পক্ষ থেকে এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। শুধু মেলা থেকে টিকিট কাটলে এ ছাড় মিলবে।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর তিন দিনের এ পর্যটন মেলার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
আর নিজ নিজ সংস্থার পক্ষে টিকিটে ছাড়ের ঘোষণা দেন ইউএস বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিক, বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক আবু তাহের। এবারের পর্যটন মেলার মূল স্পনসর ইউএস বাংলা এয়ার।