বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সব ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানকে কক্সবাজারে পর্যটনশিল্পের বিকাশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গভর্নর ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছুদিন পর পর কক্সবাজার ভ্রমণে আসার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এখানে আসার সময় কিছু ঋণ প্রকল্পও পকেটে করে নিয়ে আসবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর এই কক্সবাজারে বিনিয়োগ করার মতো অনেকগুলো খাত রয়েছে।’কক্সবাজার শহরে পর্যটন করপোরেশনের মোটেল প্রবাল মাঠে গতকাল শনিবার তিন দিনব্যাপী এসএমই সৈকত উৎসব ২০১১-এর উদ্বোধনকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রধন অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা উদ্যোগী হলেই সাধারণ শিল্পের বিকল্প হিসেবে পর্যটনশিল্পের বিকাশ ঘটতে পারে।’জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এই উৎসবের আয়োজন করেছে। নাসিবের কেন্দ্রীয় সভাপতি শেখ মোহাম্মদ আবদুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার; ব্র্যাক ব্যাংকের পরিচালক মো. মাহমুদুর রশিদ; এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ; কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) নুরুল আলম নিজামী; রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক আখতারুজ্জামান কবির; বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী; এবিবি, কক্সবাজারের সভাপতি ও সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ওসমান গণি; ইস্টার্ন ব্যাংকের এসএমই শাখার প্রধান খোরশেদ আলম; ট্রাস্ট ব্যাংকের এসএমই শাখার প্রধান রওশন জাদিদ এবং নাসিবের সহসভাপতি আহসান কবির ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী।আয়োজকেরা জানান, এই উৎসবে ৯৭টি স্টল রয়েছে। এর মধ্যে ৩২টি ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান এবং ৬৫টি ক্ষুদ্র উদ্যোক্তাদের স্টল। তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো উৎসবে স্টল দিয়েছে। ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত শুক্রবার রাতে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুকোমল সিংহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমান, সিটি ব্যাংকের এমডি কে মাহমুদ সাত্তার, পূবালী ব্যাংকের এমডি শেখ আবদুল আজিজ, প্রাইম ব্যাংকের এমডি এহসান খসরু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডি শাহজাহান ভূঁইয়া, নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, কৃষি ব্যাংক কক্সবাজারের মুখ্য আঞ্চলিক কর্মকর্তা মোতাহার হোসেন, ঢাকা ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ মফিজ উদ্দিন আহমদ ও কক্সবাজার চেম্বারের সভাপতি মো. আবদুস শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।