করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো যে অর্থ ব্যয় করে, তার একটি অংশ এখন থেকে দেশের পর্যটন খাতের উন্নয়নে ব্যয় করতে পারবে। এ জন্য সিএসআর ব্যয় নীতিমালা শিগগিরই সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান।
‘পর্যটন উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে গত শনিবার এই উদ্যোগ নেওয়ার কথা জানান ডেপুটি গভর্নর রাজী হাসান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও পর্যটনবিষয়ক ম্যাগাজিন ভ্রমণ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।
বিশেষ অতিথির বক্তব্যে আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ব্যাংকের সিএসআরে পর্যটনের অর্থ ব্যয় করার বিষয়টি অন্তর্ভুক্ত করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। এতে দেশের পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যাংকগুলো কাজ করতে পারবে, তাদের প্রচারণাও ভালো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, এখনকার নীতিমালা অনুযায়ীই ব্যাংকগুলো পর্যটনখাতে িসএসআরের অর্থ ব্যয় করতে পারে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে সিএসআর খাতে দেশের সব বাণিজ্যিক ব্যাংক ৫৯৬ কোটি টাকা খরচ করেছে। নিয়ম অনুযায়ী, একটি ব্যাংকের মোট বার্ষিক মুনাফার আড়াই শতাংশ সিএসআরে খরচ করতে হয়।
রাশেদ খান মেনন বলেন, দেশের পর্যটন খাত নিয়ে গর্ব করার যাত্রা শুরু হয়েছে। এ খাতের বিনিয়োগ বাড়াতে ব্যাংক ও আর্থিক খাতকে এগিয়ে আসতে হবে।
ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘কক্সবাজারে পাঁচতারা হোটেল না করে ছোট ছোট অনেক কটেজ তৈরি করা উচিত। মালদ্বীপে পাঁচ বছর থাকার অভিজ্ঞতায় দেখেছি, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেখানে প্রায় ১৫০ কটেজে তারা পানীয় সরবরাহ করে বিক্রি করে।’
ফরাসউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের দু-তিনটা বেসরকারি এয়ারলাইনস বেশ ভালো করছে। যারা ভালো করছে তাদেরকে বিদেশি পর্যটক আনার জন্য যদি কিছু প্রণোদনা দেওয়া যায়, সেটা ভালো হবে। পর্যটনকেন্দ্রগুলোতে মুদ্রা বিনিময়ের দোকান, এটিএমসহ ডিজিটাল আর্থিক লেনদেন সুবিধা বাড়াতে হবে।
চিত্তবিনোদনের সুযোগ কম থাকার কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকসংখ্যা বাড়ছে না বলে মন্তব্য করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। তিনি বলেন, তুরস্ক, জর্ডানের মতো মুসলিম-অধ্যুষিত দেশও পর্যটনের বিকাশে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, বাংলাদেশকে সেভাবে ভাবতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য নেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলান খান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ প্রমুখ।