পর্যবেক্ষণে পোশাক কারখানাগুলোর সমস্যা খুঁজে পেল খুচরা বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাক কারখানাগুলো পর্যবেক্ষণ শুরু করেছে বাংলাদেশ অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষরকারী বিদেশি খুচরা পোশাকবিক্রেতা প্রতিষ্ঠানগুলো। প্রাথমিকভাবে কয়েকটি কারখানা পরিদর্শনে এগুলোতে আগুন ধরার সম্ভাবনা, বৈদ্যুতিক অব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতা পাওয়া গেছে।

বাংলাদেশ অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তির প্রধান পরিদর্শক ব্র্যাড লয়েনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট-এর খবরে এ তথ্য জানানো হয়।

ব্যাড লয়েন ওয়াশিংটন পোস্টকে জানান, পাইলট প্রকল্পের ভিত্তিতে ১০টি কারখানা পরিদর্শনের সময় তিনি ওই সমস্যাগুলো খুঁজে পেয়েছেন। তিনি জানান, ১৫০টি আন্তর্জাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, খুচরা পোশাকবিক্রেতাদের পক্ষ থেকে বাংলাদেশের এক হাজার ৮০০ পোশাক কারখানায় বিভিন্ন ধরনের সমস্যা পর্যবেক্ষণ করা হবে।

লয়েন আরও জানান, পরিদর্শনে দেখা গেছে, কারখানাগুলোতে বিকল্প সিঁড়িগুলো কর্মীদের নিরাপদ প্রস্থানে সহায়ক নয়। ওই কারখানাগুলোর বিকল্প সিঁড়িগুলো মূল ভবনের সঙ্গে লাগোয়া। ফলে এসব সিঁড়ি ব্যবহারের সময় উত্তাপ, অগ্নিশিখা ও ধোঁয়ার শিকার হতে হবে পোশাককর্মীদের। তিনি বলেন, ওই কারখানাগুলোতে বৈদ্যুতিক ব্যবস্থা যেনতেনভাবে করা হয়েছে। এতে করে যেকোনো সময় আগুন ধরতে পারে কারখানায়। এ ছাড়া কারখানা ভবনগুলোর আকার অনুযায়ী এগুলোর ভিত্তি নেই। ওই ভবনগুলো নির্মাণের ক্ষেত্রেও সরকারি রীতিনীতিও যথাযথ অনুসরণ করা হয়নি।

ব্র্যাড লয়েন আরও বলেন, এটি (১০টি কারখানা পরিদর্শন) ক্ষুদ্র নমুনায়ন। তবে এর মাধ্যমে যা অনুসন্ধান করতে চাওয়া হচ্ছে, তার একটি সঠিক দিকনির্দেশনা পাওয়া গেছে। ওই কারখানাগুলোতে সাধারণ কিছু সমস্যা আছে।