
পর্যাপ্ত অর্থের অভাবে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এসব স্থানীয় সরকার সংস্থাগুলোর জবাবদিহির ব্যবস্থাপনাও সন্তোষজনক নয়। সংস্থাগুলোর সেবায় সন্তুষ্ট নন অধিবাসীরাও।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক সংলাপ অনুষ্ঠানে এই গবেষণাটি উপস্থাপন করা হয়।
নয়টি পৌরসভা ও দুটি সিটি করপোরেশনের ১০ জন করে ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়ে এই গবেষণা করা হয়েছে। মোট উত্তরদাতা ছিলেন ১১০ জন।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, দুর্বল সেবার পেছনে রয়েছে পর্যাপ্ত অর্থের অভাব—এমনটাই মনে করেন ৬৫ শতাংশ অধিবাসী। ৩৭ শতাংশ মনে করেন, কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, পৌরসভা এলাকার ৬৫ শতাংশ উত্তরদাতা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর সিটি করপোরেশন এলাকায় এই অসন্তোষের হার ৬০ শতাংশ। এই অসন্তোষের অন্যতম তিনটি কারণ হলো চাহিদা পূরণ না হওয়া বা দুর্বলমানের সেবা, রাজনীতিকীকরণ, অধিবাসী এবং সিটি করপোরশনের মধ্যে পারস্পরিক যোগাযোগের অভাব।
পর্যাপ্ত অর্থের অভাবে পাশাপাশি আরও পাঁচটি কারণে দুর্বল সেবা পাচ্ছেন বলে মনে করেন অধিবাসীরা। এগুলো হলো, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের প্রতিশ্রতির অভাব, ঠিকাদার ও জনপ্রতিনিধিদের দুর্নীতি, রাজনৈতিক বিবেচনায় স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, নিম্নপর্যায়ের সামাজিক নিরীক্ষা এবং সংস্থাগুলোর সক্ষমতার অভাব।
সুশাসন সম্পর্কে গবেষণায় আরও বলা হয়েছে, ৮৫ শতাংশ উত্তরদাতা সিটি করপোরেশন ও পৌরসভার জবাবদিহি কৌশলে সন্তুষ্ট নন। আর ৯২ শতাংশ মনে করেন, দুর্নীতির সঙ্গে মেয়র, কাউন্সিলর ও অন্য কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছেন।
এই অবস্থার উত্তরণের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে গবেষণায়। এগুলোর মধ্যে অন্যতম হলো সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকাণ্ডে অধিবাসীদের অংশগ্রহণ বাড়ানো, সেবার মান বাড়ানো, রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়ানো, জবাবদিহি কৌশল ব্যবস্থাপনার উন্নতকরণ ও সামাজিক নিরীক্ষা ব্যবস্থা স্থাপন।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এই গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। এ সময় অর্থনীতিবিদ, গবেষক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান ক্রিশিয়ান মাইকেলসন ইনস্টিটিউটের (সিএমআই) সিনিয়র গবেষক অড-হেলগ ফেল্ডস্টেড ও আর্নে উইগ দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সংলাপে বক্তারা বলেন, সিটি করপোরেশন ও পৌরসভাকে আরও কার্যকর করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। স্বাধীনভাবে অর্থ খরচ করার সুযোগ দিতে হবে।
আলোচনা
এইচ টি ইমাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য ক্ষমতা দেওয়া উচিত। এতে নাগরিকদের কাছে সহজে সেবা পৌঁছানো সম্ভব হবে। তিনি মনে করেন, সত্তর দশকের সামরিক সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভীষণভাবে এককেন্দ্রীকরণ করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বেশি দরকার। আর স্থানীয় সরকার পর্যায়ে তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো আর্থিক সংকটে থাকায় জনগণকে সঠিক সেবা দিতে ব্যর্থ হয়। তিনি মনে করেন, সম্প্রতি প্রতিষ্ঠিত নতুন পৌরসভাগুলো জনগণকে সেবা দেওয়ার মতো অবস্থায় নেই। রাজনৈতিক কারণে এসব পৌরসভা করা হয়েছে। এতে গরিব মানুষ উপকৃত হননি। জমির মালিকেরা উপকৃত হয়েছেন। এসব এলাকায় এমন অর্থনৈতিক কর্মকাণ্ড হয়নি, যাতে গরিব মানুষ শ্রমের বিনিময়ে মজুরি পান।
আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে স্থানীয় সরকার শক্তিশালী ও বিকেন্দ্রীকরণের বিষয়টি থাকা উচিত বলে মনে করেন দেবপ্রিয় ভট্টচার্য। তিনি বলেন, ‘গণতন্ত্রের উত্তরণে এটি হলো বড় ধরনের অসমাপ্ত এজেন্ডা।’
নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হাত-পা বাঁধা। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কিছুই করা যায় না। তাই মসৃণভাবে কাজ করা যায় না।’ তাঁর মতে, কেউ দুর্নীতিপরায়ণ হয়ে জন্মায় না, পরিস্থিতির কারণে হতে হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান প্রমুখ।