দেশে পর্যাপ্ত উৎপাদন হলে অপরিশোধিত লবণ আমদানির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সংকট ছিল বলেই গত বছর আড়াই লাখ টন লবণ আমদানি করতে হয়েছে। তবে এবার আমদানি হবে কি না, তা বিবেচনা করা হবে। লবণচাষিদের সুবিধা-অসুবিধা দেখেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হলে) অনুষ্ঠিত লবণচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি লবণচাষিদের ভাগ্যোন্নয়নে কক্সবাজারে ‘লবণ উন্নয়ন বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দেন।
লবণচাষিদের পূর্বঘোষিত এ সমাবেশে গতকাল দুপুর থেকে টেকনাফ, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে শত শত প্রান্তিক চাষি শহীদ দৌলত ময়দানে জড়ো হতে থাকেন। বেলা তিনটা থেকে সমাবেশ শুরু হয়। চাষিদের দাবি ছিল লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজারে লবণ উন্নয়ন বোর্ড গঠন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ ও সহজ শর্তে চাষিদের ব্যাংকঋণের ব্যবস্থা করা।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহেশখালীর লবণচাষি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা লবণ চাষি সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় প্রায় ৬০ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। এবার লক্ষ্যমাত্রার বেশি লবণ উৎপাদন হবে।
টেকনাফ উপজেলা লবণ চাষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, বাংলাদেশে যে পরিমাণ লবণ উৎপাদিত হয়, তা দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। তিনি মাঠের বাস্তবতা যাচাই করে লবণ আমদানি বন্ধের দাবি জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের মোট লবণের ৯৫ শতাংশ কক্সবাজারে উৎপাদিত হচ্ছে। তাই এখানেই (কক্সবাজারে) লবণ উন্নয়ন বোর্ড করতে হবে। শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলে কক্সবাজারেই লবণ উন্নয়ন বোর্ড গঠনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে বোর্ডের কেন্দ্রবিন্দু হলে চাষিরা সরাসরি বোর্ড থেকে সুযোগ-সুবিধা নিতে পারবেন। এতে লবণশিল্পের প্রসার ঘটবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘লবণের প্রকৃত দাম চাষিরা না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। এখানে একটি মধ্যস্বত্বভোগী কাজ করে। এই মধ্যস্বত্বভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাষিদের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, বিগত সময়ে লবণচাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে ক্ষতি এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেননি। লবণচাষিদের জন্য স্বল্প সুদে ঋণ প্রয়োজন। অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে চাষিরা যাতে স্বল্প সুদে ঋণ পান, সে ব্যবস্থা করা হবে।
সমাবেশে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।