পর্যাপ্ত ট্রাকের অভাবে ব্যবসায়ীদের সেবা দিতে পারছে না বিআরটিসি
সরকারের বিভিন্ন কর্মসূচির পণ্য পরিবহন নিয়েই সারা বছর ব্যস্ত থাকচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ট্রাক সার্ভিস। এ জন্য ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। পণ্য পরিবহনে বেসরকারি মালিকানাধীন ট্রাকের ওপরই নির্ভর করতে হচ্ছে তাঁদের। ব্যবসায়ীরা বলছেন, বিআরটিসির ট্রাক সার্ভিস চালু হলে এ খাতে প্রতিযোগিতা বাড়বে। বেসরকারি ট্রাকমালিকদের অযাচিত দৌরাত্ম্যও কমবে। তুলনামূলক কম ভাড়ায় পণ্য পরিবহনের সুবিধা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সেবাটি কার্যকর করতে কোনো উদ্যোগ নেই বলে একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন।অন্যদিকে বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত ট্রাকের অভাবে সরকারের চাহিদার পুরোটাই পূরণ করতে পারছে না তারা। এ জন্য ব্যবসায়ীদের ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভারত থেকে ৫০০ ট্রাক কেনার একটি প্রক্রিয়া চলছে। এটি সম্পন্ন হলে সরকারি কাজের পাশাপাশি স্বল্প পরিমাণে বেসরকারি ব্যবসায়ীদের ভাড়া দেওয়া সম্ভব হবে।খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত বিআরটিসির ট্রাক সার্ভিসের অধীনে এখন মাত্র ১৬২টি ট্রাক আছে। তবে এর মধ্যে ৮০টি দিয়ে বর্তমানে পণ্য পরিবহন করা হচ্ছে। অকেজো হওয়ায় বাকি ট্রাকগুলো করপোরেশনের ডিপোতে অচল পড়ে আছে।বিআরটিসির সচল ট্রাকগুলো সারা বছর সরকারের বিভিন্ন কর্মসূচি যেমন—খাদ্যপণ্য, পুস্তক, ত্রাণ ইত্যাদি পরিবহনে ব্যবহূত হয়। ঢাকা ও চট্টগ্রামের নিজস্ব ডিপো থেকে এসব ট্রাক ভাড়া দেওয়া হয়। তবে ট্রাক ও সংস্কারের অভাবে বগুড়ার ডিপোটি বর্তমানে বন্ধ আছে।জানা যায়, বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্য অনেকাংশে বেড়েছে। সে ক্ষেত্রে পণ্য পরিবহনের জন্য ট্রাক প্রয়োজনীয়তা বেড়েছে বহুলাংশে। এই চাহিদা মেটাতে বেসরকারি খাত ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। কবে পিছিয়ে আছে বিআরটিসি। দীর্ঘদিন পরিকল্পনাহীনভাবে চলার কারণে তেমন কোনো সুখবর নেই। উল্টো এক এক করে অকেজো হয়ে ট্রাক বসে যাচ্ছে। সেবার পরিধিও সংকুচিত হয়ে পড়ছে।করপোরেশনের এক কর্মকর্তা বলেন, বাস কেনার দিকেই বিআরটিসির মনোযোগ বেশি। তবে অন্তত এক হাজার ট্রাক থাকলেই শুধু এই সেবা দিয়ে তিন বছর আগেই বিআরটিসিকে লাভজনক করা যেত। কিন্তু অজানা কারণে এই সেবা খাতটি সব সময় অবহেলার শিকার হচ্ছে। দেশে পণ্য পরিবহনের জন্য প্রতিদিন কয়েক হাজার ট্রাক প্রয়োজন হয়। যার পুরোটাই বেসরকারি খাতের দখলে। এখানে বিআরটিসি খুব সহজেই জায়গা করে নিতে পারে।তবে করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) খান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দেরিতে হলেও এই সেবা খাতের উন্নয়নে আমরা কাজ করছি। ভারত থেকে ৫০০ ট্রাক কেনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’জানা গেছে, ভারতের সহজ শর্তে ঋণের আওতায় এই ট্রাকগুলো কেনা হবে। তবে এই ঋণের শর্তানুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকেই ট্রাক কিনতে হবে। গত মাসে বিআরটিসির কর্মকর্তারা ভারতে গিয়ে ট্রাকের বিষয়ে খোঁজখবর করেন।তবে একই ধরনের একটি প্রস্তাব চীন সরকারের কাছ থেকে পেলেও বিআরটিসি তাতে আগ্রহী নয়। কারণ, দেশটি থেকে আমদানীকৃত বাসের ক্ষেত্রে করপোরেশনে সুখকর অভিজ্ঞতা নেই। নিম্নমানের এসব পরিবহন নিয়ে ঝামেলায় পড়েছে করপোরেশন। তবে দেশের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ট্রাক আমদানির সুযোগ দেওয়া হলে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান এক কর্মকর্তা।করপোরেশনের পরিচালক (টেকনিক্যাল) মো. আবদুল্লাহিল করিম বলেন, ৫০০ ট্রাকের মধ্যে মূলত ১০ ও ১৫ টন ওজন ধারণের ক্ষমতাসম্পন্ন ট্রাকই বেশি কেনা হবে। তবে চাহিদার কথা বিবেচনা করে বেশ কিছু ফ্রিজার ভ্যান ও কার্ভার্ড ভ্যান কেনার পরিকল্পনা আছে। শিগগিরই প্রস্তাবটি মন্ত্রণালয় হয়ে একনেকে যাবে। তার পরই দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি।করিম আরও বলেন, আগামী বছর ট্রাকগুলো চলে এলে সরকারি পণ্য পরিবহনের পাশাপাশি বেসরকারিভাবে ভাড়া দেওয়ার পরিকল্পনাও আছে। এ জন্য বগুড়া ডিপোটি সংস্কার করে চালু করা হবে। এ ছাড়া রংপুরে একটি ডিপো করার পরিকল্পনা আছে। বেসরকারি ট্রাকের চেয়ে বিআরটিসির ট্রাকের ভাড়া কম হবে বলেও দাবি করেন তিনি।বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিআরটিসির নেটওয়ার্ক বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বড়। তাই তারা যদি সুষ্ঠুভাবে ট্রাক সার্ভিস দিতে পারে এবং ভাড়া প্রতিযোগিতামূলক হয়, তবে ব্যবসায়ীরা অবশ্যই আকৃষ্ট হবেন।’