পর্যাপ্ত পাট কিনতে পারছে না বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) অর্থাভাবে ঠিকমতো পাট কিনতে পারছে না। এ বছর পাট কেনার যে লক্ষ্যমাত্রা নিজেরা ঠিক করেছিল তা অর্জিত হবে কি না, সে বিষয়ে খোদ সংস্থাটিই এখন সংশয়ে আছে।
চলতি মৌসুমে ২৬ লাখ কুইন্টাল (এক কুইন্টাল মানে ১০০ কেজি) পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিজেএমসি। তবে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পর্যন্ত সংস্থাটি পাট কিনতে পেরেছে দুই লাখ ৮০ হাজার কুইন্টাল, যা লক্ষ্যমাত্রার মাত্র ১১ শতাংশ। পর্যাপ্ত অর্থের অভাবেই পাট কেনা যাচ্ছে না বলে বিজেএমসি সূত্র জানিয়েছে।
জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ১১ শতাংশ পাট কিনতে পেরেছি। যে অবস্থা চলছে তাতে লক্ষ্যমাত্রার অর্ধেক পাট কিনতে পারব কি না, বুঝতে পারছি না। এভাবে চললে এ বছর বেশ কয়েকটি পাটকলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।’
বিজেএমসি সূত্রে জানা গেছে, গেল ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি ২৪ লাখ ৩৯ হাজার কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সংস্থাটি ১৬ লাখ কুইন্টাল পাট কিনতে পারে। গত বছর পাট ওঠার পর থেকে অক্টোবর পর্যন্ত বিজেএমসি প্রায় চার লাখ কুইন্টাল পাট কিনতে পেরেছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত পাট কেনা হয়েছে দুই লাখ ৮০ হাজার কুইন্টাল। এসব দিক বিবেচনায় নিয়ে বিজেএমসি ধারণা করছে এ বছর সর্বোচ্চ ১০ লাখ কুইন্টাল পাট তারা কিনতে পারবে।
এই মৌসুমের পাট যেন ঠিকমতো কেনা যায়, সেজন্য বিজেএমসি থেকে গত জুনে ৫০০ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে মাত্র ২০০ কোটি টাকা। এর মধ্যে রোজার ঈদের আগে ১০০ কোটি এবং কোরবানির ঈদের আগে-পরে ৫০ কোটি করে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
বাজারে পাট ওঠার পর পাটের দাম কিছুটা কম ছিল। কিন্তু সে সময় টাকা না থাকায় বিজেএমসি যথেষ্ট পরিমাণে পাট কিনতে পারেনি। এখন পাটের দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে এখন সংস্থাটিকে পাট কিনতে হচ্ছে।
বিজেএমসি বলছে, গত জুলাইতে তারা প্রতি মণ পাট এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকায় কিনেছে। এখন এর দাম বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার টাকা থেকে এক হাজার ৭০০ টাকায়।
বিজেএমসির চেয়ারম্যান বলেন, ‘বেশি দামে পাট কিনতে হচ্ছে বলে এ বছর আমাদের অন্তত ১৫০ কোটি টাকা লোকসান হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে যদি চার মাস আগে আমরা টাকা পেতাম এবং আরেকটু বেশি পেতাম তাহলে এত দিনে লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ পাট কেনা হয়ে যেত।’
এ বছর বিজেএমসি একদিকে যেমন লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কিনতে পারছে না, অন্যদিকে এবার পাটকলগুলোতে উৎপাদনও শুরু হয়েছে কম পাট নিয়ে।
বিজেএমসি সূত্র বলছে, আগের বছরের তিন লাখ ৪১ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে গত বছর উৎপাদন শুরু করেছিল বিজেএমসির আওতাধীন সরকারি পাটগুলো। কিন্তু এ বছর উৎপাদন শুরু হয়েছে এক লাখ ৮৫ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে।
দেশে এখন ২৬টি সরকারি পাটকল আছে। বিজেএমসির তত্ত্বাবধানে এসব পাটকল পরিচালিত হয়। এর মধ্যে ২৩টি পাটকলে শুধুই পাটজাত পণ্য (যেমন হেসিয়ান, পাটের বস্তা ও পাটের সুতা, কার্পেট ব্যাকিং ক্লথ-সিবিসি) তৈরি হয়। একটি পাটকলে অন্য সব পাটকলের জন্য যন্ত্রপাতি তৈরি হয়। আরেকটি পাটকলে জিও জুট ও টেক্সটাইল (মাটিকে সুরক্ষা দেওয়া এক ধরনের পাটের কাপড়) এবং পাট ও প্লাস্টিকের লেয়ারের চেয়ার-টেবিল তৈরি হয়। আর একটি পাটকলে তৈরি হয় পাটের সুতা রাখার জন্য নলসহ কিছু সরঞ্জাম তৈরি হয়।
বিজেএমসির আওতাধীন পাটকলগুলোতে সব মিলিয়ে ৮০ হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কাজ করেন। তাঁদের বেতন বাবদ প্রতি মাসে বিজেএমসির ৬০ কোটি টাকা ব্যয় হয়।
সরকারি পাটকলগুলোতে প্রতিদিন প্রায় ৭০০ টন পাটজাত পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে পাটের বস্তার উৎপাদনই ৪০০ টনের বেশি।
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ বলেন, বর্তমানে বিজেএমসির কাছে প্রায় এক লাখ ২০ হাজার বেল অবিক্রীত পাটের বস্তা জমে আছে, যার মূল্য প্রায় ৪৫০ কোটি টাকা।