পর্যাপ্ত সহায়তার জন্য উন্নত বিশ্বকে চ্যালেঞ্জ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০-১২ বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হলে উন্নত দেশগুলোকে তথা উন্নয়ন-সহযোগীদের পর্যাপ্ত সহায়তা দেওয়ার জন্য চ্যালেঞ্জ দিতে হবে। ৯-১৩ মে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় এলডিসি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে এমন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘এলডিসি শীর্ষ সম্মেলন ও বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই ধরনের চ্যালেঞ্জ দেওয়া হলে উন্নয়ন-সহযোগীদের সহায়তা প্রদানে রাজনৈতিক সদিচ্ছা আছে কি না, তা-ও প্রকাশ পাবে। তিনি পুরোনো উন্নয়নকাঠামো থেকে বের হয়ে নতুন কাঠামোর দিকে মনোযোগী হওয়ার ওপর জোর দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংস্থা অক্সফামের পলিসি ও অ্যাডভোকেসি ব্যবস্থাপক জিয়াউল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিকাবের সাধারণ সম্পাদক আবদুল মজিদ। আলোচনা করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) প্রধান নির্বাহী এবং জেনেভায় ও বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী।দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জন্য এখন চারটি নতুন ঝুঁকি রয়েছে। এগুলো হলো—খাদ্যনিরাপত্তা, জ্বালানিনিরাপত্তা, পরিবেশগত ভারসাম্যহীনতা ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ভঙ্গুরতা।জেনেভায় বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি—তিনটির মধ্যে দুটি সূচক অতিক্রম করতে হবে। ইতিমধ্যে অর্থনৈতিক ঝুঁকির সূচক আমরা অতিক্রম করেছি। তবে বাকি দুটির মধ্যে মানবসম্পদ সূচকের উন্নয়নে বেশি জোর দিতে হবে।’তৌফিক আলী ব্যাখ্যা করে বলেন, জনসংখ্যার আধিক্যের কারণে দেশজ আয় বাড়লেও মাথাপিছু আয় আগামী ১০-১২ বছরে দেড় হাজার ডলারে উন্নীত করা কঠিন। এ জন্য মানবসম্পদ উন্নয়নে জোর দেওয়া হলে আগামী ১০ বছরে এলডিসি থেকে বাংলাদেশের বের হয়ে যাওয়া সম্ভব। দেবপ্রিয়র মতে, আগামী ১০ বছরে এলডিসির তালিকা থেকে এক-চতুর্থাংশ বা ১২টি দেশ বের হয়ে যাবে। এই ১২টি দেশের মধ্যে বাংলাদেশের থাকার সক্ষমতা রয়েছে। আসন্ন তুরস্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে দেবপ্রিয় বলেন, ইদানীং এত বেশি সম্মেলন হচ্ছে, তাতে তুরস্ক সম্মেলন জোনাকির আলোর মতো হারিয়ে যাবে কি না, তাও দেখতে হবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। গত এক দশকের এলডিসি দেশগুলোর মূল্যায়ন করে দেবপ্রিয় বলেন, আলোচ্য সময়ে গড় প্রবৃদ্ধি, গড় বিনিয়োগ সব ছিল ভালো। কিন্তু তা টেকসই ছিল না। আন্তর্জাতিক পরিমণ্ডলে মন্দার কারণে এলডিসিতে উন্নয়নের গতি কমেছে। এই মন্দার জন্য এলডিসিগুলো দায়ী নয়। এ ছাড়া এলডিসির আয়বৈষম্য অনেক ক্ষেত্রে উন্নয়নকে সংকুচিত করেছে। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিআইএসি) প্রধান নির্বাহী তৌফিক আলী বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত যত দূর জানা গেছে, তাতে আসন্ন তুরস্ক শীর্ষ সম্মেলনে এলডিসিগুলোর জন্য কোনো দৃঢ় প্রতিশ্রুতি নেই। তৌফিক আলীর মতে, উন্নয়ন-সহযোগীদের আনুষ্ঠানিক উন্নয়ন সহায়তা (ওডিএ) বাড়ানো উচিত। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, এলডিসির সমস্যা সমাধানে যেসব অবস্থানপত্র তৈরি করা হয়, তা বেশ জটিল। এগুলো সহজ করা উচিত। জিয়াউল হক তাঁর উপস্থাপনায় বলেন, ইস্তাম্বুল কর্মসূচির খসড়া দেখে মনে হচ্ছে স্বল্পোন্নত দেশের প্রতিনিধি হিসেবে নেপাল চলমান আলোচনায় কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশসহ অন্য দেশগুলোও নেপালের ব্যর্থতা উতরানোর কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। জিয়াউল হক আরও বলেন, বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্বে দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। অথচ এই বিভাগটির বহুপক্ষীয় আলোচনায় অংশগ্রহণের অভিজ্ঞতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন আছে।