পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন মহাব্যবস্থাপকের চাকরিচ্যুতির বিষয়ে সংস্থাটির পরিচালনা পর্ষদের কাছে লিখিতভাবে জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির পক্ষ থেকে গত সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এদিকে বিএসইসির চিঠির জবাব দিতে গতকাল মঙ্গলবার জরুরি সভা করেছে ডিএসই পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই গত বৃহস্পতিবার সংস্থাটির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক জীবন চন্দ্র দাসকে চাকরিচ্যুত করা হয়। সে জন্য এ ক্ষেত্রে চাকরিচ্যুতির যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা জানতে চেয়েছে বিএসইসি। দুই কার্যদিবসের মধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদকে এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে জীবন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ও সুনির্দিষ্ট কারণ ছাড়াই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার সারা দিন অফিস করে বাসায় ফিরে চাকরিচ্যুতির বিষয়টি জানতে পারি।’
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একাধিক পরিচালক বলেন, দীর্ঘদিন ধরেই তাঁর কাজে পর্ষদ সন্তুষ্ট ছিল না। তবে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগও নেই। পর্ষদ সভায় তাঁর চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।