পর্ষদের বিশেষ সভা ডেকেছে ন্যাশনাল ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে আজ মঙ্গলবার পরিচালনা পর্ষদের বিশেষ সভা ডেকেছে ন্যাশনাল ব্যাংক। আজ বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে এ সভা অনুষ্ঠিত হবে।
সভার মূল আলোচ্যসূচি হলো ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় ও সাতটি শাখার ওপর পরিচালিত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা। একই সঙ্গে ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ন্যাশনাল ব্যাংকে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এসব অনিয়ম দূর করার পাশাপাশি ভবিষ্যতে যেন এগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বেসরকারি খাতের এই ব্যাংকটিতে অনিয়ম রোধে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। তাঁর উপস্থিতিতে আজ পর্ষদ সভাটি অনুষ্ঠিত হবে।