পল রোমার বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল রোমার
পল রোমার

বিশ্বব্যাংকের পরবর্তী মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ পল রোমার। তিনি ভারতের কৌশিক বসুর স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে পল রোমার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ফ্লোরেন্স কনডাইলিস টুইটারে লেখা এক বার্তায় জানিয়েছেন, ‘অবশেষে কিছুদিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। আগামী শরতে নতুন প্রধান অর্থনীতিবিদ পেতে যাচ্ছি আমরা। তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন একটা সময়ে পল রোমার দায়িত্ব নিতে যাচ্ছেন যখন বিশ্ব অর্থনীতি একটা অস্থির সময় পার করছে। শিল্পোন্নত ও স্বল্পোন্নত—সব দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে, দেশগুলোর ঋণের বোঝা ও বাজেট ঘাটতি বাড়ছে, পুঁজিবাজার ও পণ্যের বাজারে নেতিবাচক প্রবণতা চলছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর ডক্টরেট ডিগ্রি নিয়েছেন পল রোমার। ‘ইনডেজিনাস গ্রোথ থিওরি’ নামের বিশেষ একটি ধারণার প্রবক্তা এই অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন। তাঁর এই ধারণার মূল বক্তব্য হলো, বর্তমান সময়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মানবসম্পদ উন্নয়ন, নতুন চিন্তাধারা ও প্রযুক্তির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নতুন চিন্তাধারার অভাবকে বিশ্বের গরিব দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকার বড় কারণ হিসেবে মনে করেন পল রোমার। এ সম্পর্কে তিনি বলেন, ‘যথেষ্ট প্রাকৃতিক সম্পদ ও মূলধনের অভাবকে সাধারণভাবে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর পিছিয়ে থাকার কারণ মনে করা হয়। কিন্তু আমি তা মনে করি না। নতুন জ্ঞান ও চিন্তাধারার অভাবই এসব দেশের পিছিয়ে থাকার কারণ।’