পলিসি গ্রাহকদের আস্থা অর্জন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের আস্থা অর্জনে তাঁদের সঙ্গে নিবিড় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে বিমা প্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
আইডিআরএ কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত বিমা প্রতিনিধিদের (এজেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। আইডিআরএর তিন সদস্য কুদ্দুস খান, সুলতান উল আবেদীন মোল্লা ও মুরশিদ আলম এবং একাডেমি অব লার্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিমা প্রতিনিধিরা প্রশিক্ষণ ছাড়াই এত দিন কাজ করে আসছিলেন। বিমাশিল্প পিছিয়ে থাকার এটিও অন্যতম কারণ এবং বিষয়টি আইডিআরএর পর্যবেক্ষণে এসেছে।
বিমা প্রতিনিধি হিসেবে কাজ করতে চাইলে অন্তত ৭২ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে—আইডিআরএ কয়েক মাস আগে তাই এমন একটি প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি থেকে বিমা প্রতিনিধিদের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।
একাডেমি অব লার্নিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বিমা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার অনাপত্তিপত্রও দেয় আইডিআরএ। প্রতিষ্ঠানটি সে অনুযায়ী দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।
প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে শেফাক আহমেদ বিমা প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজ নিজ গ্রাহকের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে তুলুন। আপনি ও আপনার কোম্পানির প্রতি আস্থা বাড়াতে তাঁদের বিভিন্ন দাওয়াতে অংশ নিন।’
ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে গ্রাহকদের সঙ্গে মিলিত হলে পলিসি তামাদি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন শেফাক আহমেদ। মোট জনসংখ্যার মধ্যে হাজারে মাত্র চারজনের জীবনবিমা পলিসি রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন আইডিআরএ চেয়ারম্যান।
আইডিআরএ সদস্য কুদ্দুস খান প্রশিক্ষণ নেওয়া প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের মধ্যে আপনারাই মাইলফলক সৃষ্টি করলেন।’
রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনের বাইরে দেশে বর্তমানে ৪৫টি সাধারণ বিমা (নন-লাইফ) ও ৩০টি জীবন বিমা কোম্পানি রয়েছে।
এদিকে আইডিআরএ সূত্রে জানা গেছে, বেসরকারি কোম্পানিগুলোতে ৫০ হাজারের মতো ভুয়া বিমা প্রতিনিধি রয়েছেন। তাই প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করায় একশ্রেণির কোম্পানি বিপাকে পড়েছে।