নিপিকা ইসলাম একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাঁর কলেজজীবনের সহপাঠী শফিকুল হক রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের (জেবিসি) একজন প্রতিনিধি (এজেন্ট)। শফিকুলের পরামর্শেই ১৮ বছর মেয়াদি জীবন বিমা পলিসি খোলেন নিপিকা। প্রথম বছর দুই হাজার ১০০ টাকা করে মাসিক প্রিমিয়াম দিয়ে এলেও দেড় বছর পর থেকেই আর দেন না। একপর্যায়ে বন্ধই হয়ে যায় পলিসি। নিজের গরজে নিপিকা যেমন প্রিমিয়াম দেন না, আর এ জন্য তাগাদা দেন না শফিকুলও। এভাবে দেশের প্রায় অর্ধেক জীবন বিমা পলিসিই তামাদি হয়ে যায়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, দেশে প্রতি হাজার মানুষের মধ্যে মাত্র চারজনের জীবন বিমা রয়েছে। সে হিসেবে মোট জনগোষ্ঠীর মাত্র ৬০ লাখ জীবন বিমার আওতায়। তবে বিভিন্ন কোম্পানির পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গড়ে মোট পলিসির অর্ধেক, অর্থাৎ ৩০ লাখই প্রথম বছরে কিস্তি দেওয়ার পর আর সচল থাকেনি।
বিমা খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা তামাদি হয়ে যাওয়ার জন্য কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন। এগুলো হচ্ছে: নতুন পলিসি খোলার জন্য জীবন বিমা কোম্পানির প্রতিনিধিরা যতটা মনোযোগী, খোলার পর আর ততটা মনোযোগী থাকেন না। পলিসি গ্রাহকদেরও সচেতনতার অভাব রয়েছে। এ ছাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পর্যবেক্ষণে এসেছে, একশ্রেণির অসাধু বিমা প্রতিনিধি গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে তা আত্মসাৎ করেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আরও বলেছে, স্বল্পশিক্ষিত প্রতিনিধিরা মাঠপর্যায়ে বিমাপণ্য বিক্রিতে জড়িত। বিমা সম্পর্কে মানুষকে আলোকিত না করে বরং প্রলুব্ধ করে। ফলে মানুষ অনেক ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। গ্রাহক প্রতারণার দায়ে প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনতে সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
দেশের সাত বিভাগের নয়টি অঞ্চলের ৬৮টি বিক্রয়কেন্দ্র ও ৩৫৪টি শাখা কার্যালয় রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা জেবিসির। বর্তমানে সংস্থাটিতে একক পলিসি রয়েছে তিন লাখ ৯৬ হাজার। এ ছাড়া গ্রুপ বিমা রয়েছে ২৪০টি প্রতিষ্ঠানের (এক লাখ ৪৩ হাজার সদস্য)। পাশাপাশি মেটলাইফ আলিকো বলছে, তাদের কার্যকর পলিসিসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার। অথচ জেবিসি সূত্রে জানা গেছে, ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জীবন বিমা ব্যবসায় জেবিসির অবস্থানই প্রথম ছিল। বর্তমানে আলিকো প্রথম। এর পরেই রয়েছে ডেল্টা লাইফ, ন্যাশনাল লাইফ, প্রগতি লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, পপুলার লাইফ ও ফারইস্ট লাইফের অবস্থান।
জেবিসির এমডি পরীক্ষিৎ দত্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের তামাদি পলিসির সংখ্যা খুবই কম। আমাদের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগও কম।’ নতুন নতুন পণ্য নিয়ে জেবিসি গ্রাহকসংখ্যা বাড়ানোর চেষ্টার পাশাপাশি পুরোনো গ্রাহকদের ধরে রাখতেও বদ্ধপরিকর বলে জানান জেবিসি এমডি।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শুধু জীবন বিমা নয়, গোটা বিমা খাতই এত দিন বিশৃঙ্খল
ছিল। তামাদি পলিসির সংখ্যা কমিয়ে আনাসহ বিমা খাতের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও কিছু নেওয়া হবে।’ এ ব্যাপারে
বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনকেও (বিআইএ) দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জেবিসি ও ১৭টি বেসরকারি বিমা কোম্পানি (বিদেশি মেটলাইফ আলিকোসহ) এত দিন জীবন বিমা ব্যবসা করে এলেও গত বছরের জুলাইয়ে ১৩টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। কোম্পানিগুলো মাত্র ব্যবসা শুরু করেছে।
বিআইএর তথ্য অনুযায়ী, এক বছর পার করতে পারেনি এমন পলিসি ৭০ শতাংশ। এর মধ্যে তিনটি কোম্পানি পলিসির মেয়াদের মাত্র ৩০ শতাংশ, তিনটি কোম্পানি মেয়াদের ৪০ শতাংশ, চারটি কোম্পানি মেয়াদের ৫০ শতাংশের বেশি পার করতে পেরেছে। চারটি কোম্পানি পলিসি মেয়াদের ৬০ শতাংশের ওপরে এবং তিনটি কোম্পানি ৭০ শতাংশের বেশি পার করতে সক্ষম হয়েছে। প্রথম বছরে প্রিমিয়াম আদায় হলেও ৭০ শতাংশই আদায় হয়নি পরের বছরে—এমন তিনটি কোম্পানি হচ্ছে: গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স ও বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
মেটলাইফ আলিকোর যোগাযোগ বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পলিসি তামাদি হয়ে গেলে কোম্পানি ও গ্রাহক—দুই পক্ষেরই ক্ষতি। তবে আমরা সব সময়ই সচেষ্ট থাকি এবং নানামুখী পদক্ষেপ নিই, যাতে একটি পলিসিও তামাদি না হয়।’
জানা গেছে, বিমা গ্রাহকেরা অন্তত দুই বছর পর্যন্ত পলিসি চালিয়ে রাখতে না পারলে কোনো টাকাই ফেরত পান না। অর্থাৎ প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে গ্রাহকের কাছ থেকে যে টাকা পাওয়া যায়, তার পুরোটাই বিমা প্রতিনিধি ও কোম্পানির মধ্যে ভাগাভাগি হয়। এ কারণে যাঁরা গ্রাহক হয়ে গেছেন, তাঁদের প্রতি কম মনোযোগ দিয়ে কোম্পানিগুলো নতুন গ্রাহক সংগ্রহে বেশি মনোযোগী হন। তবে পাঁচ বছর পর্যন্ত পলিসি চালিয়ে নেওয়ার পর জরুরি প্রয়োজনে ভাঙতে চাইলে মূল টাকা ফেরত পাওয়া যায়।
প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের উপদেষ্টা এম এ করিম প্রথম আলোকে বলেন, ঝোঁকের মাথায় পলিসি খোলার পর তা আর চালিয়ে নিতে চান না গ্রাহকেরা। আবার প্রথম বছরের তুলনায় পরবর্তী বছরগুলোতে কম কমিশন থাকায় আগ্রহ হারান প্রতিনিধিরা। তাই পরবর্তী বছরগুলোর কিস্তি আদায়ে তাঁরা সচেষ্ট থাকেন না। সংখ্যায় কম হলেও প্রতিনিধিদের কেউ কেউ প্রিমিয়ামের অর্থ কোম্পানিতে জমা না দিয়ে আত্মসাৎ করেন। প্রিমিয়ামের অর্থ আত্মসাতে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা জরুরি বলে তিনি মনে করেন।
বিমা প্রতিনিধিরা ২০১২ সালের ১৩ মার্চের আগ পর্যন্ত প্রথম বছরের প্রিমিয়াম থেকে কমিশন পেয়ে আসছিলেন ৩৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত। বর্তমানে কমিশন নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম বছরের কমিশন (২০ বছরের বেশি মেয়াদের পলিসি) ৩৫ শতাংশ, আর দ্বিতীয় থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কমিশন ৫-১০ শতাংশ। জীবন বিমার পলিসিগুলোর মধ্যে একক বিমা ও ক্ষুদ্র বিমার আওতায় নানা ধরনের পলিসি রয়েছে। ৩-১৮ বছর মেয়াদি এসব পলিসিতে প্রিমিয়াম নেওয়া হয় মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে।
অন্যদিকে ক্ষুদ্র বিমার বিভিন্ন পলিসির প্রিমিয়ামের কিস্তি নেওয়া হয় শুধু সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে। গ্রাম ও শহরের নিম্নবিত্ত মানুষকে লক্ষ্য করেই কোম্পানিগুলো ক্ষুদ্র বিমার পলিসি বিক্রি করছে। তবে বেশির ভাগ গ্রাহকেরই ১০-১২ বছর মেয়াদি পলিসির প্রতি আগ্রহ বেশি বলে জানা গেছে।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হলেও তামাদি হয়ে যাওয়া পলিসির পুরো চিত্র আইডিআরএ–এর কাছে নেই।
[রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ‘বিমা’ বানান ‘বীমা’ লেখে]
n প্রতিনিধির মনোযোগহীনতা ও গ্রাহকের অসচেতনতাই এ জন্য দায়ী
n দেশে প্রতি হাজার মানুষের মধ্যে মাত্র চারজনের জীবন বিমা রয়েছে
n গড়ে মোট পলিসির অর্ধেক অর্থাৎ ৩০ লাখই প্রথম বছরের পর বন্ধ হয়ে যায়
‘‘নিজের জীবনের ঝুঁকি হ্রাস বা নিজের পরিবারকে হঠাৎ বিপদে পড়া থেকে রক্ষার জন্য যিনি বিমা পলিসি করবেন, সেই পলিসিটি রক্ষার জন্য তাঁকেও সমান দায়িত্বশীল হতে হবে
এম শেফাক আহমেদ
চেয়ারম্যান, আইডিআরএ