পল্লি অঞ্চলে ব্যাংকের শাখা বাড়াতে গভর্নরের আহ্বান
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে পল্লি অঞ্চলে শাখা খুলে কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।এই কাজে বাণিজ্যিক ব্যাংকগুলো এগিয়ে না এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।ঢাকায় সোনারগাঁও হোটেলে গত মঙ্গলবার ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ আহ্বান জানান। খবর ইউএনবির।সিডিএফের প্রেসিডেন্ট ইমরান আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় রহিমআফরোজ ব্যাটারিজ ও রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈনসহ অন্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে গভর্নর বলেন, পল্লি এলাকায় শাখা বড় হতে হবে, এমন কথা নেই। দু-তিনজন কর্মকর্তা নিয়ে ছোট্ট শাখাও খোলা যেতে পারে। কিন্তু গরিব ও প্রান্তিক মানুষের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে হবে।আতিউর রহমান পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন ছাড়া কোনো ব্যাংকের নতুন কোনো শাখা খুলতে দেওয়া হবে না। প্রতিটি ব্যাংক পরবর্তী এক বছরে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, তা কেন্দ্রীয় ব্যাংককে আগে জানাতে হবে।গভর্নর এনজিওদের সঙ্গে যৌথভাবে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করার পরামর্শ দেন। এর ফলে ব্যয় কমবে ও স্বচ্ছতা বাড়বে বলেও মনে করেন তিনি।