দেশের ২১ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ৮০ লাখ ডলার বা ৭৫৬ কোটি টাকার বাংলাদেশ সরকারের একটি প্রকল্প অনুমোদন করেছে।এ প্রকল্পের মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে এডিবি। তারা প্রকল্পে ছয় কোটি ডলার বা ৪২০ কোটি টাকা ঋণ দেবে। জার্মান উন্নয়ন ব্যাংক কেডব্লিউএফ দেবে এক কোটি ৩০ লাখ ইউরো বা ১২৬ কোটি টাকা, যা অনুদান হিসেবে পাওয়া যাবে। বাকি অর্থ বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।সংশ্লিষ্ট সংস্থা সূত্রে জানা গেছে, সব ধরনের আবহাওয়ায় বাংলাদেশে সচল রাস্তার পরিমাণ পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে কম। ভারতে এর পরিমাণ ৬১ শতাংশ। পাকিস্তানে ৬০ শতাংশ। আর বাংলাদেশে মাত্র ৩৭ শতাংশ।নতুন এই প্রকল্পের অধীনে দেশের ২১ জেলায় সব ধরনের আবহাওয়ায়, বিশেষ করে বর্ষা মৌসুমেও যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে, সে জন্য প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা উন্নত করা হবে। বলা হচ্ছে, জলবায়ু ঝুঁকি মোকবিলায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের প্রাকৃতিক সম্পদবিষয়ক অর্থনীতিবিদ রেজাউল খান বলেন, জলবায়ু পরিবর্তনে অন্যতম আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। এ প্রকল্প এই ঝুঁকি মোকাবিলা করতে সহায়তা করবে। এ প্রকল্পের অর্থ দিয়ে রাস্তা উঁচু হবে। রাস্তার পাশে গাছ লাগানো হবে। এতে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এসব অবকাঠামো টিকে থাকতে পারবে।১২ নভেম্বর ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে নতুন এই প্রকল্পে এডিবির অর্থ-সহায়তা দানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয় কোটি ডলারের সহজ শর্তের এই ঋণ বাংলাদেশকে ৩২ বছরে পরিশোধ করতে হবে। আট বছর আসলের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। এ সময়ে বছরে এক শতাংশ হারে সুদ দিতে হবে। বাকি সময়ে বছরে দেড় শতাংশ হারে সুদ ও আসলের কিস্তি পরিশোধ করতে হবে।