পল্লি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে প্রবাসী-আয় হ্রাস
প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) প্রবাহ নিম্নমুখী হতে থাকায় তা গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ।
প্রতিষ্ঠানটির মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনের চলতি সংখ্যায় এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়কালে প্রবাসী-আয় এসেছে ৯২০ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৮৯ কোটি ২০ লাখ ডলার। ফলে প্রবাসী-আয় কমেছে ৬ দশমিক ৯৩ শতাংশ।
উন্নয়ন অন্বেষণ বলছে, প্রবাসী-আয়ের এই ক্রমহ্রাসমান ধারা অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনীতিতে ভোগ হ্রাস পাবে, যা দারিদ্র্য পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। কেননা, গ্রামীণ পরিবারগুলোর আয়ের একটি বড় অংশ প্রবাসী-আয় থেকে আসে। সর্বশেষ খানা জরিপ অনুযায়ী ২০১০ সালে গ্রামীণ পরিবারগুলোর মোট আয়ের ১৭ দশমিক ২৮ শতাংশ প্রবাসী-আয় থেকে এসেছে।
কম শ্রমিক স্থানান্তর এবং মধ্যপ্রাচ্যে শ্রমিকের কম চাহিদার কারণে ২০০৭-০৮ অর্থবছর থেকে প্রবাসী-আয় প্রবাহের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে কমছে বলে উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠানটি আরও বলেছে, হ্রাসমান বিনিয়োগ চাহিদার কারণে মূলধনী যন্ত্রপাতির কম আমদানি, অভিবাসী খাতে আয় হ্রাস, রপ্তানিতে বৈচিত্র্যের অভাব ও অসন্তোষজনক বৈদেশিক বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় সংকোচিত করবে।
তাই কাঠামোগত ত্রুটিগুলো কাটিয়ে ওঠার জন্য প্রচলিত বাণিজ্য ও শিল্পনীতির আশু পুনর্নিরীক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে উন্নয়ন অন্বেষণ বলছে, একটি নতুন ও উৎপাদনশীলতা সক্ষম প্রবৃদ্ধি নীতিকাঠামো প্রণয়ন আবশ্যক, যা উৎপাদনযোগ্য সম্পদ ও উদ্যোক্তাদের সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করবে।