জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক—সব দিক থেকেই পল্লি উন্নয়ন ধারণায় নতুন চিন্তা-চেতনা যুক্ত হয়েছে। তাই প্রচলিত ধ্যান-ধারণার পরিবর্তে পল্লি উন্নয়ন তথা দারিদ্র্য নিরসনের কৌশলও নির্ধারণ করতে হবে নতুনভাবে।সে উদ্দেশেই আজ রোববার থেকে পাঁচ দিনব্যাপী এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়নবিষয়ক এক সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় অনুষ্ঠেয় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লি উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) এবং জাপান এ সভার যৌথ আয়োজক।তবে মোট পাঁচটি সভা অনুষ্ঠিত হলেও মূল সভাটি হলো সিরডাপ সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সভা। এটি অনুষ্ঠিত হবে আগামী বুধ ও বৃহস্পতিবার অর্থাত্ সভার শেষ দুই দিনব্যাপী। এবারের সভার মূল প্রতিপাদ্য পল্লি জনগোষ্ঠীর জীবনাচারের টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা।১৯৮৭ সালে সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার ২৩ বছরের মাথায় দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি বুধবার এ সভার উদ্বোধন করবেন। সভার শেষ দিন ২৮ জানুয়ারি গ্রহণ করা হবে ‘ঢাকা ঘোষণা’। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়নবিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সভা সম্পর্কে এসব বিস্তারিত জানানো হয়।সিরডাপ মহাপরিচালক দূর্গা পি. পদিয়াল এবং এসএমএম সমন্বয়ক মজিবুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন সিরডাপের তথ্য ও যোগাযোগ বিভাগের পরিচালক কে এ এস দয়ানন্দ। প্রথম ঢাকা ঘোষণায় মূল প্রতিপাদ্য ছিল জনগণের অংশগ্রহণের মাধ্যমে সাম্যতাভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আনয়ন। এতে বলা হয়েছিল, একটি কৃষিভিত্তিক সমাজের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তর আনয়নের জন্য পল্লি উন্নয়নই হচ্ছে মৌলিক প্রক্রিয়া।সংবাদ সম্মেলনে জানানো হয়, সদস্য রাষ্ট্রগুলোতে সিরডাপের পল্লি উন্নয়ন কর্মসূচি কতটা বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে তা পর্যালোচনা হবে দ্বিতীয় সভায়। আগামী বছরগুলোতে কী কর্মসূচিই বা গ্রহণ করতে হবে তারও আলোচনা হবে এতে।সিরডাপের ১৪টি সদস্য দেশ ইরান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, লাও পিডিআর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে প্রতিনিধিরা অংশ নেবেন।এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, ফিজি, পাপুয়া নিউগিনি ও ভুটানের পল্লি উন্নয়নবিষয়ক মন্ত্রী এবং জাতিসংঘ ও অন্য দাতা সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সভাটি হবে ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন। এতে সিরডাপের সদস্য, অসদস্য ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তার আগে আজ রোববার নির্বাহী কমিটির সভা। আগামীকাল সোমবার হবে আরও দুটি সভা—একটি পরিচালনা পরিষদের, অন্যটি দাতাদের। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আঞ্চলিক নীতি সংলাপ। সিরডাপ মহাপরিচালক দূর্গা পি. পদিয়াল বলেন, ‘দারিদ্র্য বিমোচনে নতুন অংশীদারির সূচনা করতে পারে সিরডাপ। সে লক্ষ্যেই দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সভাটির আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, ‘এটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে যে সিরডাপের পল্লি উন্নয়ন নীতিমালা ও কর্মসূচির একটি পর্যালোচনা দরকার।’ এবারের ‘ঢাকা ঘোষণা’য় পল্লি উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনের অনেক কৌশল ও তা বাস্তবায়নের অঙ্গীকার থাকবে বলে আশা করছেন তিনি।