পল্লির অবকাঠামো উন্নয়নে তিন হাজার ৩৪৩ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি যোগাযোগ, টেকসই পল্লি পরিবহন ও বাজারসেবা বৃদ্ধির লক্ষ্যে ‘রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট’ নামের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।তিন হাজার ৩৪৩ কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক দুই হাজার ৪১৭ কোটি টাকা ঋণসহায়তা দেবে। প্রকল্পটির আওতায় দেশের ২৬টি জেলার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ হাজার ৪০০ কিলোমিটার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন করা হবে। এ ছাড়া গ্রোথ সেন্টার নির্মাণ, ছোট নদী সংস্কার ও জেটি/ঘাট নির্মাণ কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।সভায় এক হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে দেশের ৪২২টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের প্রকল্পও অনুমোদন করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্পের উদ্দেশ্য। একই ধরনের অন্য একটি প্রকল্পের আওতায় সব জেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম বাস্তবায়নাধীন থাকায় বর্ণিত প্রকল্পটি সদর উপজেলা ছাড়া দেশের ৪২২টি উপজেলায় বাস্তবায়ন করা হবে।গতকালের একনেক সভায় মোট সাত হাজার ৫০৪ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে চার হাজার ৯৯৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং দুই হাজার ৫০৫ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।