পল্লী বিদ্যুতের জন্য ৯২৯৮০ খুঁটি কেনা হবে
দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ১৮ লাখ নতুন সংযোগ দেওয়া হবে। তাই পল্লী বিদ্যুতের জন্য ৯২ হাজার ৯৮০টি বৈদ্যুতিক খুঁটি ক্রয় করা হবে। এতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি টাকা। এ কাজ সম্পূর্ণ দেশীয় অর্থে জোগান দেওয়া হবে।গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ ঘাটতির কারণে দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এখন সে অবস্থা অনেকটা কেটে গেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্রামাঞ্চলে আবার বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া উপস্থিত ছিলেন।এ ছাড়া এডিবির ঋণচুক্তির অধীনে ‘টেকনিক্যাল অ্যাসিসট্যান্স ফর সাব-রিজিওন্যাল রেল ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ এসডি-১ (কনসালট্যান্সি সার্ভিস ফর রিজিওন্যাল কো-অপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট) খাতে ১০৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।বৈঠকে ২০১৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ও এসএসসি (ভোকেশনাল) স্তরের জন্য বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও পরিবহন খাতের একটি প্রস্তাব অনুমোদন হয়। এতে ব্যয় হবে ৭২ কোটি ৪০ লাখ টাকা।