আগামী বছরের জুনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষে সব কর্মকাণ্ড পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় চলে যাওয়ার কথা। কিন্তু ২০১৪ সালের ৮ জুলাই আইন পাস হওয়ার পর গত ১০ মাসেও ব্যাংকটি কাজ শুরু করতে পারেনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সূত্র জানায়, প্রকল্পের সঙ্গে ব্যাংকের প্রচ্ছন্ন বিরোধও তৈরি হয়েছে। ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হলেও এটি কাজ শুরু করতে পারছে না। এর মধ্যে ১০২ কোটি টাকা সরকার এখন পর্যন্ত জমা দেয়নি। বাকি ৯৮ কোটি আসবে প্রকল্পের আওতায় গঠিত সমিতির শেয়ারহোল্ডারদের কাছ থেকে। অথচ প্রায় সাত মাস আগেই এর চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মিহির কান্তি মজুমদারকে নিয়োগ দেওয়া হয়।
জানতে চাইলে মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মকাণ্ড শুরু হলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। তিনি বলেন, ১০০ উপজেলায় ব্যাংকের ভবন হয়েছে, আরও ২০০ উপজেলায় ভবন নির্মাণকাজ এ বছর শেষ হবে। এ ছাড়াও পরিশোধিত মূলধনের সরকারি অংশ পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, একদিকে ব্যাংক প্রস্তুত হচ্ছে, অন্যদিকে প্রকল্প পরিচালক নতুনভাবে প্রকল্পটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি ২০২১ সাল পর্যন্ত ৫ হাজার ১৬২ কোটি টাকার একটি রোডম্যাপ তৈরি করে তা অনুমোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের দ্বিতীয় সভায় এই ধারণাপত্র তুলে ধরেন তিনি।
প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার বলেন, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২৫ লাখ দরিদ্র পরিবার নিয়ে কাজ করছেন তাঁরা। প্রকল্পের লক্ষ্য—তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে ২৫ লাখ করে মোট ৭৫ লাখ পরিবার দারিদ্র্যমুক্ত শূন্য দারিদ্র্য রোডম্যাপ বাস্তবায়ন করা।
সদস্যদের ক্ষোভ: প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই অভিযোগ করেন, বিদ্যমান সমিতিগুলোর হিসাব খোলা হয়েছে তিনটি বেসরকারি ব্যাংকে। বেসরকারি ব্যাংকের শাখা উপজেলা পর্যায়ে খুবই কম। ফলে অনলাইনে ঋণ মঞ্জুর হলেও দিনের পর দিন সদস্যদের টাকার জন্য বসে থাকতে হয়।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সরকারি ব্যাংকের শাখা দেশের সব উপজেলায় বিস্তৃত থাকলেও অনলাইনের যুক্তিতে বেসরকারি তিনটি ব্যাংকে এই বিপুল পরিমাণ টাকা লেনদেন হচ্ছে। একটি ব্যাংক ৩৪ জেলা এবং অপর দুটি ব্যাংকের কার্যক্রম ৩০ জেলায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এটা এমন একটি গোঁজামিল দেওয়া অবস্থা যে এর কিছুটা ক্ষুদ্রঋণ, কিছুটা ব্যাংকিং এবং কিছুটা সঞ্চয়ভিত্তিক। একটির সঙ্গে আরেকটি না মিললে পুরো পদ্ধতি কাজ করে না।
কয়েকটি উপজেলা প্রকল্প কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্পের পক্ষ থেকে টেবিল ব্যাংকিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর লক্ষে কর্মকর্তারা অফিসে বসে সঞ্চয় জমা বা ঋণের কিস্তি আদায় করে তা নিজেদের কাছে রাখবে। এরপর জমা হওয়া টাকা আবার ঋণ দেবে। কিন্তু হাতে টাকা আসায় মাঠপর্যায়ে হস্তমজুদ ও আত্মসাৎ প্রবণতা তৈরি হয়। প্রকল্প পরিচালক বলেন, প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারীকে এই অভিযোগে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয়েছে।
সমিতির সদস্যদের বড় ক্ষোভ হচ্ছে, এই প্রকল্পে গরিবের সঞ্চয়ের ওপর সুদ দেওয়া হয় না। কিন্তু সঞ্চয়ের বিপরীতে নেওয়া ঋণের জন্য গরিবকে ঠিকই ৮ শতাংশ সুদ দিতে হচ্ছে।
পিপলস পাওয়ার পার্টিসিপেশন ট্রাস্ট-পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কাজকর্ম দ্রুত শুরু করা গেলে শৃঙ্খলা ফিরে আসতে পারে। এখন যে অবস্থায় আছে তাতে নতুন করে সরকারের ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ না করে যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে বা হবে তা ব্যাংকের মাধ্যমে গুছিয়ে নেওয়া উচিত।