পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী চাকরির দাবি বিলুপ্ত প্রকল্পের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দ্রুত স্থায়ীকরণের দাবিতে গতকাল রাজধানীর ইস্কাটনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’র কর্মকর্তা-কর্মচারীরা l ছবি: প্রথম আলো
পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দ্রুত স্থায়ীকরণের দাবিতে গতকাল রাজধানীর ইস্কাটনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’র কর্মকর্তা-কর্মচারীরা l ছবি: প্রথম আলো

পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী চাকরি চান সদ্য বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এ জন্য তাঁরা আন্দোলনে নেমেছেন। গতকাল সোমবার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সারা দেশ থেকে আসা কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে ব্যাংকটির চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয় আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।
বিলুপ্ত প্রকল্পের কর্মচারীরা বলছেন, পল্লী সঞ্চয় ব্যাংক আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে প্রকল্পের সব কার্যক্রম, দায়-দেনা, স্থাবর-অস্থাবর সম্পত্তি, জনবলসহ সবকিছুই পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরিত হবে। কিন্তু ব্যাংকের কার্যক্রম শুরু না হওয়ায় ও বিলুপ্ত প্রকল্পের জনবলের স্থায়ী পদায়নের আদেশ না দেওয়ায় মাঠপর্যায়ে শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মানবেতর জীবন যাপন করছেন সাড়ে সাত হাজার কর্মকর্তা-কর্মচারী।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দেওয়ার কথা থাকলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ বিলুপ্ত প্রকল্পের কর্মচারীদের। চাকরি স্থায়ী হবে কি হবে না তা নিয়েও অনিশ্চয়তায় আছেন তাঁরা।
গতকাল বিক্ষোভ চলাকালে ব্যাংকটির চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের সঙ্গে দেখা করে চলতি মাসের মধ্যে স্থায়ী নিয়োগের দাবি জানান কর্মচারীরা। দাবি না মানা হলে আগামী মাস থেকে সারা দেশের কার্যালয় বন্ধ করে প্রধান কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণাও দেন তাঁরা।

আন্দোলনকারীদের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প শেষ হওয়ায় আমরা সবাই বেকার হয়ে পড়েছি। আইনে বলা আছে, সবাইকে ব্যাংকে পদায়ন করা হবে। এখন চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, চলতি মাসেই পর্ষদ সভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে। দাবি না মানা হলে অবরোধ কর্মসূচিতে যাব আমরা।’

যোগাযোগ করা হলে মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আইনেই বলা হয়েছে প্রকল্পের জনবল ব্যাংকে আত্তীকরণ হবে। যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব তা করা হবে। এতে কোনো সমস্যা নেই।’