পশমি সোয়েটার্সের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু
কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তুত করে তুলতে স্পেক্ট্রা সোয়েটার্স লিমিটেডে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। ‘ফায়ার সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স’ শিরোনামের এই কর্মসূচির আয়োজন করে পশমি সোয়েটার্স।
প্রশিক্ষণ কর্মসূচিতে পশমি সোয়েটার্স, স্পেক্ট্রা সোয়েটার্স ও ফেম সোয়েটার্স থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করবেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
কারখানায় আগুন লাগা, বিদ্যুৎ দুর্ঘটনা ও ভূমিকম্পের মতো দুর্যোগ সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের আগে থেকে সচেতন করে তোলা এবং কারখানা বিধিমালা, এর অনুশীলন ও বিদেশি ক্রেতাদের শর্ত ও মান (কমপ্লায়েন্স) পরিপালন বিধি সম্পর্কে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধিতেই এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। ৩০ দিনে ৫৬ ঘণ্টা সময় ব্যয়ে ১৮টি মডিউলের মাধ্যমে সম্পূর্ণ প্রশিক্ষণটি শেষ করা হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের (বিজিএমইএ) অর্থায়নে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে সব তৈরি পোশাকশিল্প কারখানা থেকে ৪৩ হাজার ৮শ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন।