পশুর হাটকে ঘিরে মৌসুমি ব্যবসা জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু। গত শনিবার থেকে হাট অনেকটাই জমে উঠেছে। ব্যাপারীরা পশু নিয়ে বসেছেন। আর এই হাটকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে নানা ধরনের মৌসুমি ব্যবসা-বাণিজ্য। বিভিন্ন ধরনের পশুখাদ্য যেমন—ঘাস, খড়, ভুসি বিক্রি হচ্ছে হাটের এলাকাগুলোতে। আবার পশুর দেখভাল করার জন্য অনেকে দিনমজুরের কাজ করছেন। এ ছাড়া পানি সরবরাহ করা, হাটের ব্যবস্থাপনার কাজেও নিয়োজিত আছেন অনেক লোক।
শনিবার দুপুরে গাবতলী হাটে ঘাস বিক্রি করছিলেন টাঙ্গাইলের নাগরপুর থেকে আসা আসলাম মিয়া (৩০)। জানালেন, ১০ বছর ধরে তিনি এভাবেই পশুর হাটের সময় হাটে ঘাস বিক্রি করছেন। দৈনিক তিনি ৫০ থেকে ৬০ আঁটি ঘাস বিক্রি করেন প্রতিটি ১৫ টাকা দরে। আর ঢাকার বাইরে থেকেই আসে এই ঘাস।
আসলাম মিয়া বলেন, ‘এমনি সময় দ্যাশে কাম করি, এই সময় আইস্যা ঘাস বেচি। বাড়তি ইনকাম হয়।’
একই হাটে গোখাদ্য বিক্রি করছিলেন সেলিনা বেগম ও তাঁর ছেলে রাজীব। বস্তায় করে গমের ভুসি, চালের কুঁড়া, খৈল নিয়ে বসেছেন তিনি। সেলিনা মানিকগঞ্জ থেকে এসেছেন। তিনি জানান, কোরবানির পশু কেনার পর ক্রেতারা এই খাবার কিনে নেন। ফলে এই সময় এটি তাঁদের বাড়তি আয়ের একটি পথ করে দেয়। এ ছাড়া প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি নেন বলে আয়ও মন্দ হয় না।
আরেকটু সামনেই গোখাদ্য নিয়ে বসেছেন হাবিবুর রহমান (৭০)। তিনিও প্রায় ১০ বছর ধরে এভাবে মৌসুমি বিক্রেতা হিসেবে গোখাদ্য বিক্রি করে আসছেন।
হাটে খাওয়ার পানি সরবরাহ করতে দেখা গেল একদল নারীকে। কথা হয় সুধা রানী ও বিলকিস বেগমের সঙ্গে। তাঁরা জানান, পাশেই একটি পানির পাম্প থেকে তিন টাকা দরে প্রতি কলসি পানি কেনেন আর তা ব্যাপারীদের কাছে বিক্রি করেন ৫-১০ টাকা দরে। এই কাজ তাঁরা কোরবানির ঈদের এক সপ্তাহ আগে থেকে শুরু করেন। প্রতিদিন ১০০ কলসি পানি সরবরাহ করেন বলে জানান।
পানির অস্থায়ী পাম্প ইজারা নিয়েছেন সিরাজগঞ্জের পারুল বেগম। কয়েকজন কর্মচারী কাজ করছেন তাঁর সঙ্গে। পারুল বলেন, ‘ওয়াসা থাইক্যা টেকা দিয়া লাইন নিয়া পাম্প বসাইছি।’ প্রতি কলসি পানি তিন টাকা করে বিক্রি করেন। এভাবে দিন শেষে তাঁরও বাড়তি কিছু আয় হয়।
কাঁঠালপাতা বা খড়ের চাহিদাও থাকে এ সময়ে। পশু কেনার পর যে যাঁর মতো চাহিদা অনুযায়ী এগুলো কিনে নেন। এগুলো বিক্রির জন্যও কিছু লোক বসেছেন হাটের পাশে। এসবের বিক্রেতা সফিকুল ইসলাম বলেন, ‘যারা পশু বেচে, তারা নিজেরাই দেশ থাইক্যা নিজেদের পশুর খাবার লইয়্যা আসে। আর যারা কিন্না লয়, তারা আমার কাছে আহে পাতা ও খড় কিনতে।’ এই কাজ তিনি সাত বছর ধরে করছেন বলে জানান।
বিভিন্ন পশুখাদ্যের পাশাপাশি বিক্রি হচ্ছে পশুকে সাজানোর মালা ও ঘুণ্টি। গাবতলীর হাটে পশু কেনার পর অনেকে সেই দোকানগুলোর সামনে এসে নিজের কেনা পশুকে সাজিয়ে নিচ্ছেন। এ যেন আরেক ধরনের উৎসব। এসব মালা বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকা দরে। আর ঘুণ্টি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।
গরুর ব্যাপারীরা জানান, পশুকে সাজিয়ে অনেকে আনন্দ পান। তাই এ সময় এই ব্যবসা থাকে চাঙা। আবার বিভিন্ন কাজে সহযোগিতার জন্য পশুর হাটে ব্যাপারীরা দিনমজুর নিয়োগ করে থাকেন। চাহিদা বেশি থাকায় দৈনিক এমন দিনমজুরেরা পান ৬০০ থেকে ১ হাজার টাকা।