পশ্চিমবঙ্গ দিয়ে পণ্য পরিবহনে প্রবেশ শুল্ক আরোপ করা হচ্ছে
ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে অন্য রাজ্যে পণ্য পরিবহন করার ক্ষেত্রে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খবর দ্য বিজনেস লাইনের।‘পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পণ্য প্রবেশে কর’ শীর্ষক আইন, ২০১২-এর অধীনে নতুন এই কর আরোপ করা হবে। ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক কর্মশালায় গত শনিবার এমন কথাই জানান রাজ্যের কর কর্মকর্তারা।কর্মশালায় রাজ্যের বাণিজ্যিক কর বিভাগের যুগ্ম কমিশনার খালিদ আনোয়ার বলেন, বাইরে থেকে পশ্চিমবঙ্গে পণ্য আমদানি এবং এখান থেকে অন্য রাজ্যে পরিবহন করতে আইনের আওতায় কর আরোপ করা হবে। অনেক রাজ্যে পণ্য পৌঁছাতে পশ্চিমবঙ্গ একটি করিডর। অনেক ক্ষেত্রেই আমদানি করা পণ্য আগে এই রাজ্যে আসে, তারপর পরবর্তী গন্তব্যে যায়।আনোয়ার বলেন, ডিলার বা আমদানিকারক নিজেদেরই পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে এবং আমদানি লেনদেনের ওপর কর পরিশোধ করতে হবে, যা পরবর্তী মাসের সঙ্গে ঘোষিত মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। তবে কৃষিপণ্য, চা, কাঁচা পাট ও পেট্রোলিয়াম ছাড়া অন্য পণ্যের ক্ষেত্রে স্বঘোষিত মূল্যের ওপরই কর দেওয়া যাবে।খালিদ আনোয়ার আরও বলেন, এককভাবে বাইরে থেকে ২৫ হাজার রুপির বেশি মূল্যের পণ্য আমদানি করলেই কর দিতে হবে।