পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে দিন দিন বাংলাদেশি পণ্যের চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাজারও বিস্তৃত হচ্ছে। তা সত্ত্বেও চাহিদা অনুযায়ী বাংলাদেশি পণ্যের সরবরাহ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন ভারতীয় আমদানিকারকেরা।সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের প্রবেশদ্বারখ্যাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে সেখানকার ব্যবসায়ীরা প্রথম আলো প্রতিনিধির সঙ্গে আলাপকালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দাম ও মান দুটোই ভারতীয় পণ্যের সমকক্ষ হওয়ায় পশ্চিমবঙ্গ ও এর প্রতিবেশী বিহারসহ (সীমান্তবর্তী এলাকা) আসাম ও ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ভোক্তারা দিন দিন বাংলাদেশি পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন।ওই ব্যবসায়ীরা জানান, ভারতের এসব এলাকায় বাংলাদেশে উৎপাদিত সাবান, কোমলপানীয়, বিস্কুট, মেলামাইন, সিমেন্ট, ইট, প্রসাধনসামগ্রী, তৈরি পোশাক, জামদানি শাড়ি ও কাঁচের সামগ্রী দেদারসে বিক্রি হচ্ছে। তবে ঢাকা থেকে আসা জামদানিসহ কিছু পণ্যের দাম ভারতের এসব এলাকায় অনেক বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।অবশ্য পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমাসহ জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ এবং মুর্শিদাবাদেও বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদা রয়েছে।শিলিগুড়িতেই ফেডারেশন অব এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের বেশ কয়েকটি পণ্যের আমদানিকারক তপন দাস কিছুটা ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা তো এখানে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করতে চাই। কিন্তু বাংলাদেশি পণ্যের চাহিদা ও বাজার যেভাবে গড়ে ওঠার কথা, সেভাবে হচ্ছে না প্রচারের অভাবে।’তপন দাস আরও বলেন, শিলিগুড়ি হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের প্রবেশদ্বার। অথচ বাংলাদেশের চেংড়াবান্দা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত ৮৮ কিলোমিটার সড়ক এখন বলতে গেলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এটিও বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্য প্রত্যাশিত হারে না বাড়ার একটি কারণ।এদিকে শিলিগুড়ির ব্যবসায়ীরা সেখানে বাংলাদেশি পণ্যের একটি স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র খোলার আহ্বান জানিয়ে বলেছেন, এতে উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষ বাংলাদেশি পণ্য সম্পর্কে আরও বেশি ধারণা নিতে পারবেন।