পশ্চিমবঙ্গে এ মৌসুমে প্রথম বাংলাদেশি ইলিশ আমদানি
চলতি মৌসুমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বৈধভাবে বাংলাদেশের ইলিশ আমদানি হয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল সীমান্ত নিয়ে এই ইলিশ আমদানি হয়।জানা গেছে, ওই দিন এক টন বা এক হাজার কেজি ইলিশ আমদানি হয়। বাংলাদেশের পটুয়াখালী জেলা থেকে আনা এসব ইলিশের আকার হলো ৫০০ থেকে ৬০০ গ্রাম।প্রসংগত, বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বরাবরই পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালিদের ব্যাপক আগ্রহ থাকায় প্রতিবছরই বৈধ ও অবৈধ উভয় পথেই কলকাতাসহ পশ্চিমবঙ্গে কম-বেশি ইলিশ আসত। কিন্তু ২০০৮ সালে বাংলাদেশ সরকার ইলিশের রপ্তানিমূল্য বাড়ালে পশ্চিমবঙ্গে এর আমদানি কমে যায়।এদিকে আমদানিকারকেরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোটের সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আলাপ করে ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন।এদিকে রাজ্যের নতুন মৎস্যমন্ত্রী আবু হেনা বলেছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ আমদানির বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।উল্লেখ্য, ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতিবছর পশ্চিমবঙ্গে প্রচুর ইলিশ আমদানি হতো। তখন বাংলাদেশে প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ছিল আড়াই থেকে চার ডলার। কিন্তু ওই বছরেই বাংলাদেশ পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে ২০০৮ সালে বাংলাদেশ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করলেও দাম বাড়ায়।কলকাতার হিলশা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, পশ্চিমবঙ্গে সর্বাধিক পরিমাণে ইলিশ আমদানি হয়েছিল ১৯৯৮ সালে। আর গত বছর আমদানি হয় মাত্র তিন হাজার ১০০ মেট্রিক টন। প্রতিবছর গড়ে ইলিশ আমদানি হয় তিন থেকে চার হাজার মেট্রিক টন।অতুল দাস আরও জানান, দাম বেশি হওয়ায় এবারে তাঁরা বেশি পরিমাণে ইলিশ আমদানির ঝুঁকি নেননি। দাম কিছুটা কমানো হলে তাঁদের পক্ষে বাংলাদেশের ইলিশ আমদানি করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।