পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক হারে বেড়ে গেছে।নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিরোধী বামফ্রন্টও দিয়েছে আন্দোলনের ডাক। এই অবস্থায় গতকাল সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এবং ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ১৫ দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন।এদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাম দলগুলো সরকারকে সর্বদলীয় বৈঠক ডেকে মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে তারা ৪ জুলাই থেকে প্রচার এবং ১৬ জুলাই প্রতিটি জেলা শহরে ও ১৭ জুলাই কেন্দ্রীয়ভাবে কলকাতা ও শিলিগুড়িতে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে। রাজ্যে শ্রমের মূল্য না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ায় গরিব মানুষের নাভিশ্বাস উঠেছে। কলকাতার বাজারে এখন প্রতি কেজি সাধারণ চাল ২২-২৮ রুপি, আটা ১৬ রুপি, আলু ১৬-১৮ রুপি, পেঁপে ৪০ রুপি, বরবটি ৬০ রুপি, টমেটো ৫০ রুপি, বেগুন ৫০-৬০ রুপি, করলা/উচ্ছে ৫০-৬০ রুপি, ঢ্যাঁড়স ৪০ রুপি, পটোল ৩০ রুপি, শসা ৩৫-৪০ রুপি, কুমড়া ১৬ রুপি, শজনে ডাটা ৯০-১০০ রুপি, কাঁচালংকা (মরিচ) ১৫০-১৮০ রুপি, মসুর ডাল ৬৫ রুপি, মুগ ডাল ৯০-১০০ রুপি, ছোলার ডাল ৬০-৭০ রুপি, সরষের তেল ১০০-১১০ রুপি ও সয়াবিন ৮৮-৯০ রুপি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি ডজন পোলট্রি ডিম ৪৬ রুপিতে, প্রতি লিটার দুধ ৩০ রুপি ও প্রতি কেজি আম ৩০-৬০ রুপি দামে বিক্রি হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ১১ সদস্যের একটি বিশেষ মনিটরিং সেল গঠনেরও ঘোষণা দেন। এই সেলের প্রধান করা হয়েছে রাজ্যের কৃষিসচিবকে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় আইন না থাকায় তা প্রণয়নের ঘোষণা দেন।বৈঠকে মমতা আরও বলেন, কারা মূল্য বৃদ্ধি করেছে, তাদের ওপর নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে আলু ও সবজি উৎপাদিত হলেও সেগুলোরও মূল্য বেড়েছে।