পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ফাইল ছবি

কলকাতায় ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতসহ অন্য বিদেশি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশও পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ করতে চায়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভোলার নয়। ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শিল্পায়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে চলেছি। আমরাও চাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে। পাশাপাশি এটাও চাই, ভারতের শিল্পপতিরাও আমাদের দেশে বিনিয়োগ করুক।’

তার আগে সকালে শিল্প সম্মেলনে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনিও পশ্চিমবঙ্গে উন্নয়নের স্বার্থে আরও বিনিয়োগ করার ওপর জোর দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ শিল্পায়নে এগিয়ে চলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা মানে ব্যবসা। উত্তর–পূর্ব ভারতের প্রবেশদ্বার এই বাংলা। এখানে শিল্প স্থাপনের পরিকাঠামো রয়েছে। মিলছে জমি, বিদ্যুৎ, শ্রম এবং উন্নত যোগাযোগব্যবস্থা। রয়েছে দক্ষ শ্রমিক। চাল উৎপাদনে ভারতে প্রথম এই বাংলা। চা উৎপাদনে সেরা এই বাংলা। বাংলাদেশ-ভুটান-নেপাল এই বাংলার দোরগোড়ায়।