পশ্চিমবঙ্গে স্বল্প সঞ্চয় নিয়ে বহু কোম্পানির প্রতারণা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চিট্ ফান্ড বা স্বল্প সঞ্চয় সংগ্রহকারী বহু কোম্পানি প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা তুলে গা ঢাকা দিয়েছে। সেই সঙ্গে তারা নিজেদের মালিকানাধীন সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো বন্ধ করেছে।অভিযোগ উঠেছে, এসব কোম্পানি অধিক হারে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর অর্থ তুলে নিচ্ছে। ইতিমধ্যে অনেক কোম্পানিই টাকা হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে। এতে রাজ্যের হাজার হাজার গরিব মানুষ যেমন সর্বস্বান্ত হয়েছেন তেমনি বিভিন্ন ব্যাংক ও সরকারি সংস্থার সঞ্চয় প্রকল্পের কর্মকাণ্ডেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে। বিষয়টি নিয়ে এখন গণমাধ্যমগুলো প্রতিদিনই নানা খবর প্রকাশ করছে। এসব ঘটনা প্রকাশ হয়ে পড়ায় ও ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) চিট্ ফান্ডগুলোর বিরুদ্ধে আর্থিক বিধি ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছে।জানা গেছে, কলকাতাভিত্তিক শীর্ষস্থানীয় চিট্ ফান্ড সংস্থা সারদা গ্রুপ ইতিমধ্যে গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। তারা নিজেদের ছয়টি দৈনিক পত্রিকা, একটি সাময়িকী ও চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করেছে। পত্রিকাগুলো হলো: দৈনিক সকালবেলা (বাংলা), কলম (বাংলা), আজাদ হিন্দ (উর্দু), প্রভাত বার্তা (হিন্দি), বেঙ্গল পোস্ট ও নর্থ ইস্ট পোস্ট (ইংরেজি) এবং পরমা (সাময়িকী)। টিভি চ্যানেল চারটি হচ্ছে: তারা মিউজিক, তারা নিউজ, সাউথ এশিয়া টিভি ও চ্যানেল-১০ টিভি। তবে এর মধ্যে দুটি সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো বিকল্পপন্থায় চালু রেখেছে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।আরেকটি চিট্ ফান্ড সংস্থা টাওয়ার গ্রুপ তাদের দৈনিক প্রাত্যহিক খবর বন্ধ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা গ্রুপের পলাতক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুদীপ্ত সেনগুপ্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্রু চিট্ ফান্ডগুলোর ওপর কড়া নজর রাখার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।