পাঁচ এমএলএম কোম্পানির আবেদন চূড়ান্তভাবে নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতিতে ব্যবসা করার সুযোগ দিতে রাজি নয় সরকার। এ পদ্ধতিতে ব্যবসা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে এযাবৎ যতগুলো আবেদন এসেছে, সবার আবেদনই নাকচ করা হচ্ছে।

প্রস্তাবিত পাঁচটি কোম্পানির আবেদন গত রোববার চূড়ান্তভাবে নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানিগুলোর চেয়ারম্যানদের চিঠি দিয়ে নাকচের এ তথ্য জানিয়ে দেওয়া হয়।

কোম্পানিগুলো হলো: পিনাকল সোর্সিং লিমিটেড, সানুস লাইফ বিডি লিমিটেড, এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড, এমওয়ে ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড এবং ভিশন ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড।

জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পাঁচটিকে নাকচ করা হয়েছে, আরও হবে। এমএলএমের নামে দেশের সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে ধরা দিক, আমরা তা চাই না। তাই লাইসেন্স পাওয়ার শর্তাবলি যারা পূরণ করতে পারেনি, তাদের আবেদন নাকচ করা হয়েছে।’

এই দফায় পাঁচটিকে নাকচের কথা জানানো হলেও আরও কয়েকটি কোম্পানির জন্যও চূড়ান্ত নাকচের চিঠি তৈরি হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার কোনো আইন না থাকলেও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (রেজসকো) কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে দেশে শতাধিক এমএলএম কোম্পানি গড়ে উঠেছিল। যেকোনো কোম্পানি গঠন করতে গেলেই রেজসকোর নিবন্ধন নিতে হয়, যা অনেকটা জন্মনিবন্ধনের মতো। কিন্তু এমএলএম কোম্পানিগুলো এই নিবন্ধনকেই এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার জন্য সরকারের নিবন্ধন বলে সাধারণ মানুষকে বুঝিয়ে আসছিল।  

২০১২ সালে ডেসটিনি ২০০০ লিমিটেডের অনিয়ম-দুর্নীতি ফাঁস হওয়ার পর ২০১৩ সালের অক্টোবরে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করা হয়। এই আইনের অধীনে চলতি বছরের ফেব্রুয়ারিতে করা হয় বিধিমালা। গত ২২ জুলাই সেটিও সংশোধন করা হয়।

আইন অনুযায়ী এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। লাইসেন্স দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেজসকো। রেজসকোতে এযাবৎ লাইসেন্স নেওয়ার জন্য আবেদন পড়ে ২১টি। 

গত মার্চে রেজসকো চারটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিলেও ডেসটিনি ২০০০ লিমিটেডসহ ১৭টি প্রতিষ্ঠানের আবেদন নাকচ করে দেয়। লাইসেন্স পাওয়া কোম্পানিগুলো হলো: ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম ও এমএক্সএন মডার্ন হারবাল ফুড। লাইসেন্স না পাওয়া কোম্পানিগুলো পরে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করে। 

নাকচের পদ্ধতি জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘এমএলএমের লাইসেন্স দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কমিটি রয়েছে। এ কমিটি কয়েক মাস ধরে আবেদনগুলো যাচাই করে ও শুনানি গ্রহণ করে দেখেছে, কোম্পানিগুলোকে এমএলএম ব্যবসা করতে দেওয়া যায় না। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।’

আরও যে ১২টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই করে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়, সেগুলো হলো: ডেসটিনি ২০০০ লি., টিয়ানসি (বিডি), এসএমএন গ্লোবাল, অ্যাডভান্স বাংলা, দেশান (বিডি), ডি ক্লাসিক লাইফ (বিডি), ড্রিম টুগেদার, একসিলেন্ট ফিউচার মার্কেটিং, ফরেভার লিভিং প্রডাক্টস (বিডি), লাইফওয়ে (বিডি), লাক্সার গ্লোবাল এন এবং ম্যাকনম ইন্টারন্যাশনাল।

সূত্র জানায়, কয়েকটি কোম্পানিকে চলতি সপ্তাহেই লাইসেন্স না দেওয়ার কথা জানিয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।

অধিকার আদায়ে প্রস্তাবিত কোম্পানিগুলো যদি আদালতের শরণাপন্ন হয়, তখন কী হবে, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যার ইচ্ছা আদালতে যাক। সরকারের পক্ষ থেকে আমরাও তখন আদালতে লড়ব।’