পাঁচ এমএলএম লাইসেন্সে অসন্তোষ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণনের (এমএলএম) পাঁচটি কোম্পানিকে লাইসেন্স দেওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। দেশে এমএলএম কোম্পানিগুলো প্রলোভন দেখিয়ে মানুষের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ায় নতুন করে কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া উচিত নয় বলে মনে করে সংসদীয় কমিটি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কমিটিকে বলেছেন, নতুন পাঁচটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
সংসদ ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে সংসদীয় কমিটি পাঁচটি কোম্পানিকে যৌক্তিকভাবে লাইসেন্স দেওয়া হয়েছে কি না এবং এসব প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখতে কমিটির সদস্য মোতাহার হোসেনকে আহ্বায়ক এবং এনামুল হক ও ওয়ারেসাত হোসেনকে সদস্য করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে।
বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) এ বছর এমএলএম প্রতিষ্ঠান এমএক্সএন মর্ডান ফুড, রিচ বিজনেস, স্বাধীন অনলাইন, ওয়ার্ল্ড ভিশন ২১ ও জার ইলেকট্রনিকস পালস মেসেজারকে লাইসেন্স দিয়েছে। এর মধ্যে শেষের প্রতিষ্ঠানটির মালিক এক মালয়েশীয়। তিনি ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে দেশে চলে গেছেন।
এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার কারণ সম্পর্কে রেজসকোর নিবন্ধক সংসদীয় কমিটিকে জানান, আইনের ক্ষমতাবলে ২১টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই করে পাঁচটিকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাকি কোম্পানিগুলো পরে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করলে মন্ত্রণালয় তা খারিজ করে দেয়। পরে তারা হাইকোর্টে মামলা করে।
এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনি সাধারণ মানুষের চার হাজার কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার পর এ-জাতীয় প্রতিষ্ঠানের জবাবদিহির জন্য সরকার গত বছর মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন করে। এই আইনের আওতায়ই জয়েন্ট স্টক কোম্পানি পাঁচটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে।
জানতে চাইলে কমিটির সদস্য মোতাহার হোসেন বলেন, ‘এ-সংক্রান্ত আইন যুগোপযোগী নয়। এত বড় লুটপাটের ঘটনার পর কেন নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমরা এই পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের পক্ষে। সে জন্য কমিটি সরেজমিনে এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তদন্ত করে দেখবে।’
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কমিটিকে বলেছেন, কয়েক বছরে যুবক ও ডেসটিনিসহ একাধিক প্রতিষ্ঠান প্রলোভন দেখিয়ে গরিব মানুষকে রাস্তায় নামিয়েছে, ভিখারিতে পরিণত করেছে। এ জন্য নতুন কোনো কোম্পানিকে লাইসেন্স দেওয়া ঠিক হবে না ভেবে মন্ত্রণালয় কোম্পানিগুলোর আপিল বাতিল করে দিয়েছে। তবে যে পাঁচটি প্রতিষ্ঠান লাইসেন্স পেয়েছে, তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখা উচিত।
বৈঠকে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বলেন, এমএলএম কোম্পানিগুলো বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এ অবস্থায় নতুন করে পাঁচটি কোম্পানিকে কীভাবে লাইসেন্স দেওয়া হয়েছে? ওয়ারেসাত হোসেন বলেন, এমএলএম কোম্পানিগুলো মানুষকে সর্বস্বান্ত করছে, আর তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সরকারকে।
তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন, আ ক ম বাহাউদ্দীন, ছানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম ও লায়লা আরজুমান বানু অংশ নেন।