পাঁচ কোম্পানির পর্ষদকে জরিমানা, নতুন একটির আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল সোমবার কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করা হয়েছে।
একই সভায় দুটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন এবং তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।
১২৫ কোটি টাকার আইপিও: রিজেন্ট টেক্সটাইল আইপিওতে পাঁচ কোটি শেয়ার ছেড়ে সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক হয়েছে ২৫ টাকা। সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া ১২৫ কোটি টাকা দিয়ে নতুন করে তৈরি পোশাক কারখানা স্থাপনের পাশাপাশি রিজেন্ট টেক্সটাইলেরও আধুনিকায়ন করা হবে। ২০১৪ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ২ টাকা ৪৮ পয়সা।
রিজেন্ট টেক্সটাইল বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের মালিক হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এ কোম্পানিটি প্রথমে ছিল বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের। তাঁর কাছ থেকে পরবর্তী সময়ে সেটি কিনে নেয় হাবিব গ্রুপ।
৭০০ কোটি টাকার বন্ড: বেসরকারি এবি ব্যাংকের ৪০০ কোটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিএসইসি। দুটি ব্যাংকেরই বন্ডের মেয়াদ সাত বছর। মেয়াদ শেষে বন্ডগুলো অবসায়িত হবে। শুধু আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ আর্থিক ক্ষমতাসম্পন্ন বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড কিনতে পারবেন।
বিএসইসি জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় ব্যাংক দুটি তাদের মূলধনের চাহিদা পূরণ করবে। এবি ব্যাংকের বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা ও এমটিবির প্রতিটির অভিহিত মূল্য এক কোটি টাকা।
পাঁচ কোম্পানির জরিমানা: আর্থিক প্রতিবেদনে অনিয়মের দায়ে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেছে বিএসইসি। কোম্পানিগুলো হলো চিকটেক্স, আশরাফ টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, সোনালী আঁশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে প্রথম তিনটি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘ওটিসি’ নামের বিকল্প বাজারে তালিকাভুক্ত। শেষোক্ত দুটি ডিএসইর মূল বাজারের কোম্পানি।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চিকটেক্স ও আশরাফ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে, তজিমউদ্দিন টেক্সটাইল ও সোনালী আঁশের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।