পাঁচ কোম্পানিকে এসইসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধন উত্তোলনের জন্য দাখিল করা নিরীক্ষা সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় রাজশাহী ডিজিটাল প্লাস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় আরও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাজশাহী ডিজিটাল প্লাস লিমিটেড মূলধন উত্তোলনের প্রস্তাব এসইসিতে জমা দেয়। তাদের আবেদনের সঙ্গে জমা দেওয়া নিরীক্ষা সনদ ভুয়া প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় এসইসি। বিষয়টি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) রাজশাহী অঞ্চলকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া আজকের সভায় গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালক ও সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ফাহাদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইস্যুয়ার), আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইস্যুয়ার), খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালক ও সব পরিচালককে এক লাখ টাকা হারে জরিমানা করা হয়।