বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে গেলে বাংলাদেশকে পাঁচটি খাতে অগ্রাধিকারভিত্তিতে মনোযোগ দিতে হবে। খাতগুলো হচ্ছে অবকাঠামো, জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, ভূমি ব্যবস্থাপনা ও অর্থনীতির বহুমুখীকরণ।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ২০৩০: প্রবৃদ্ধি কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন অভিমত উঠে এসেছে।
রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান। ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান এতে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম।
প্রবন্ধে বলা হয়, তলাবিহীন ঝুড়ি থেকে উদীয়মান ব্যাঘ্র হয়ে বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ইচ্ছা বাংলাদেশের। কিন্তু অবকাঠামোসহ পাঁচটি খাতের উন্নয়নে মনোযোগ না দিলে তা কঠিন হবে।
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান বলেন, নিজের পয়সায় বিশ্বের কোনো দেশেই অবকাঠামো উন্নয়ন হয় না। বিদেশি বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারকেও অবকাঠামো উন্নয়নের অর্থ সংগ্রহের জন্য ভাবা যেতে পারে। উন্নয়নচিন্তা ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত করতে হবে।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, ‘একনেক সভায় দেখেছি, অনেক সুন্দর প্রস্তাব অনুমোদনের পর আমলাতান্ত্রিক মেশিনে ঢোকার পর কেন যেন হারিয়ে যায়। আসলে আমাদের অনেক কিছুর অপচয় হচ্ছে। অপচয় দুর্নীতির চেয়েও বেশি খারাপ। আর কাজ না করা অপচয়ের চেয়েও খারাপ।’
নির্ধারিত আলোচকদের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান বিশ্বে সবার জন্যই সুযোগের জানালা খোলা। মনে রাখতে হবে, আমরা স্মার্ট হলে অন্য প্রতিযোগীরা বেশি স্মার্টও হতে পারেন। সুতরাং সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘দেখেছি, বাংলাদেশের পেছনে থেকেও চোখের সামনে কীভাবে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশেরও এগিয়ে যাওয়া সম্ভব।’