পাঁচ দিন পর নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। পাশাপাশি সূচকের পতন হয়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডিএসইর নতুন নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্থাটির নতুন সভাপতি হিসেবে রকিবুর রহমানকে নির্বাচিত করা হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়ে যায়। এরই ইতিবাচক প্রতিফলন গত পাঁচ দিনে বাজারে দেখা যায়।তবে আজ স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, একটানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ ছিল প্রত্যাশিত মূল্য সংশোধন।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬৯.২৬ পয়েন্ট কমে ৪৭০০.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।এর আগে সকালে কয়েকবার সূচক ওঠানামা করলেও দুপুর ১২টার দিকে সূচক ৩৭ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচকের তীর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৭টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯৭ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ারওয়েজ, কনফিডেন্স সিমেন্ট, এমজেএল বাংলাদেশ ও গোল্ডেন সান।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭১.৮১ পয়েন্ট কমে ১৩৫৭৮.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা কম।