পাঁচ দিন পর মূল্যসূচক বাড়লেও লেনদেন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন দরপতনের পর গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে, যার প্রভাবে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক। তবে বিক্রেতা কম থাকায় আগের দিনের চেয়ে উভয় বাজারেই লেনদেন কিছুটা কম হয়েছে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ার কেনা অব্যাহত রেখেছে। পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) নতুন করে শেয়ার কেনা শুরু করেছে। তাঁরা আরও বলছেন, এই প্রতিষ্ঠানগুলো বড় আকারের যে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে, তারও প্রভাব পড়েছে বাজারে। গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯৮ দশমিক ৫১ পয়েন্ট বা ৭ দশমিক ৬৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৬০১ দশমিক ৫৯ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি টাকা, যা সোমবারের চেয়ে ৫৮ কোটি টাকা কম।বাজার চাঙ্গা থাকায় গতকাল ডিএসইতে শতাধিক কোম্পানির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।রাইট অনুমোদন: এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগদান বা চাকরি থেকে অব্যাহতি দিতে এখন থেকে এসইসির অনুমোদন নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।