পাঁচ দিন পর সামান্য দরপতন পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন চাঙা ভাবের পর গতকাল সোমবার পুঁজিবাজারের মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। বাজারসংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরের বাজেটে মাত্র ১০% কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে বিনিয়োগকারীদের সামনে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়, তাঁদের বড় অংশই সেই সুযোগ নিয়েছেন। ফলে বাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে দরপতন ঘটেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৩৩ পয়েন্ট কমে ছয় হাজার ১২৪ পয়েন্টে নামে। ডিএসইতে এদিন ৮৮১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৫৮ কোটি টাকা কম।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট কমে ১৭ হাজার ১৫৬ পয়েন্টে নেমে আসে। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।প্রধানমন্ত্রীকে অভিনন্দন: ২০১১-১২ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের নেতারা। সংগঠনটির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পুঁজিবাজারের চরম মন্দাভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে এবং বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পুঁজিবাজারবান্ধব ঘোষণা ইতিবাচক প্রভাব ফেলবে।’