পাঁচ দিনব্যাপী জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা আজ শুরু
জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১০ শুরু হচ্ছে আজ রোববার। রাজধানীর খামারবাড়ির মাঠে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলা উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।কৃষি প্রকৌশল প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উত্পাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় বহুজাতিক ও দেশীয় কোম্পানির ২৫টি স্টল থাকবে। এগুলো হচ্ছে এসিআই, নিটল টাটা, মাহিন্দ্র ট্রাক্টর, টাফি ট্রাক্টর, ফার্ম টেক, করোনা, চট্টগ্রাম বিল্ডার্স। আর কৃষি যন্ত্রপাতি তৈরি করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ, জামালপুরের মাহবুব ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মেশিন টুলস ইন্ডাস্ট্রিজ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলে কৃষকেরা বেশি পরিমাণে ফসল ফলাতে পারবে। আর উত্পাদন ব্যয়ও কম হবে। কৃষি যন্ত্রপাতি প্রদর্শিত হবে বলে এক জায়গা থেকে ক্রেতারা এসব যন্ত্রপাতি যাচাই-বাছাই করতে পারবে।জানা গেছে, কৃষি সম্প্রসারণ বিভাগের নেওয়া উদ্যোগের ফলে দেশের ৩০ থেকে ৩৫ শতাংশ কৃষক কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। উত্তরবঙ্গের অনেক এলাকায় প্রায় ৮০ শতাংশ কৃষক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে।প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার।